ছবি: সংগৃহীত
বেসরকারি চ্যানেল একাত্তর টিভির সম্প্রচার লাইসেন্সসহ আনুষঙ্গিক নথিপত্র চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটর মুহাম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গত সোমবার এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এ মামলার আসামি। একই মামলায় গ্রেপ্তার আছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।
এ মামলার আসামিদের মধ্যে পলাতক আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।
চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে একাত্তর টিভির লাইসেন্সের কপি এবং লাইসেন্স সংক্রান্ত আনুষঙ্গিক নথিপত্র চেয়ে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা ইফতেখারুল আলম। তদন্তকারী কর্মকর্তার আবেদনপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো। একাত্তর টিভি কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা চাওয়া হয় চিঠিতে।
গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে শহীদুল্যাহ্ চৌধুরী এ বিষয়ে শাপলা চত্বরের মামলার তদন্ত কর্মকর্তা ইফতেখারুল আলমের সঙ্গে কথা বলতে বলেন। ইফতেখারুল আলম গণমাধ্যমকে বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার আছেন। একাত্তর টিভি যখন লাইসেন্স নেয়, তখনো জাতীয় সম্প্রচার নীতিমালা হয়নি। লাইসেন্সের শর্তাবলিতে কী লেখা আছে, এটি জানা প্রয়োজন। সে জন্য লাইসেন্সের কপি চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, তদন্ত সংস্থা চিঠিতে বলেছে, বর্ণিত মামলার তদন্তকারী কর্মকর্তা ইফতেখারুল আলম… মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকার কর্তৃক প্রদত্ত একাত্তর টিভির লাইসেন্সের কপি এবং লাইসেন্স–সংক্রান্ত আনুষঙ্গিক ডকুমেন্টস (নথি) চেয়ে আবেদন করেছেন। আবেদনপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো। জাতীয় গুরুত্ব বিবেচনায় উল্লিখিত বিষয়ে ঐকান্তিক ও সার্বিক সহযোগিতা চাওয়া হয়।
খবরটি শেয়ার করুন