ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ ওয়ানডে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি জার্সিতে খেলবে পাকিস্তান। স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো রোগটির দ্রুত শনাক্তকরণ এবং সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব তুলে ধরা।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি ২৫ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও যুক্ত করা হবে এই উদ্যোগে। ২৪ থেকে ২৬ অক্টোবর নারী দর্শকদের বিনামূল্যে ব্রেস্ট পরীক্ষার সুযোগ দেওয়া হবে। মাঠজুড়ে প্রচার চলবে।
পিসিবির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগের অংশ হিসেবে এই বিশেষ দিনে পুরো স্টেডিয়ামকে গোলাপি রঙে সাজানো হবে, যা বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতার মাস ‘পিংকটোবার’-এর সঙ্গে মিল রেখে করা হয়েছে।
পাকিস্তানের ক্রিকেট দল এই ম্যাচে বিশেষভাবে ডিজাইন করা গোলাপি জার্সি পরে মাঠে নামবে। ইংল্যান্ড দলের খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল এবং ধারাভাষ্যকারদের স্তন ক্যান্সার আক্রান্ত ও এটি জয় করা যোদ্ধাদের সমর্থনে গোলাপি রিবন পরার আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।
খবরটি শেয়ার করুন