ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আমির হামজার নারীঘটিত কিছু ভিডিও ও অডিও পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি দাবি করেছেন, এসব তথ্য ফ্যাক্ট চেকিং করে সত্যতা পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন মো. রাশেদ খান। পোস্টে তিনি আমির হামজার বলে দাবি করা একটি কথোপকথনের অংশও তুলে ধরেন। এ ছাড়া কমেন্ট বক্সে অডিওর লিংক যুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ফেসবুক পোস্টে দেওয়া কথোপকথনে এক ব্যক্তিকে বিষয়টি নিয়ে অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়।
ওই ব্যক্তি বলেন, ‘অন্যায় করার পরে অনুতপ্ত হলে তারে মানুষ তো অন্তত মাফ করার কথা।’ ওই ব্যক্তি প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইবেন বলেও কথোপকথনে উল্লেখ করেন।
পোস্টে মো. রাশেদ খান লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারী ঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি।’
তিনি আরো লেখেন, ‘দেখি জামায়াত এবার আমির হামজার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।’
তবে মো. রাশেদ খানের পোস্টে উত্থাপিত ভিডিও ও অডিওর সত্যতা এবং কথোপকথনে থাকা কণ্ঠ আমির হামজার কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
খবরটি শেয়ার করুন