শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঘড়ির কাঁটায় রাত ১২টা। ঘুমাতে বিছানায় গিয়েছেন পরিবারের সদস্যরা। হঠাৎ খাটের নিচ থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ। শব্দ শুনে খাটের নিচে তাকাতেই দেখা মেলে প্রায় ১৬ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপের। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। ঘুমাতে যাওয়ার সময় খাটের নিচ থেকে হঠাৎ শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে সেখানে তাকিয়ে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তারা। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা চিকিৎসক প্রলাদ বাবুকে ফোন করে বিষয়টি জানান। প্রলাদ বাবু বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানিয়ে মধ্যরাতে সাপটি উদ্ধারের অনুরোধ করেন। খবর পাওয়ার সময় ফাউন্ডেশনের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়েই ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন।

পরে তারা ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি।

পরে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক সাপ লোকালয়ে চলে আসায় তারা উদ্বিগ্ন। মানুষের বসতবাড়ি ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বাড়ছে। এ পরিস্থিতিতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

শ্রীমঙ্গল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250