বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী *** জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ *** ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের *** মুডিস রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন *** বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট *** ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর *** ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: ছয় দিন পর ওসি প্রত্যাহার *** প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদক সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত

জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আদালতকক্ষে বিচারককে গালি ও দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক আসামির বিরুদ্ধে। ঘটনার পর আদালত তাৎক্ষণিকভাবে বশির নামে ওই আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে বরগুনা সদর আমলি আদালতে একটি সিআর মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে। বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ সাজা দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি জানান, একটি মামলায় অস্থায়ী জামিনে থাকা বশিরের জামিনের আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসে উত্তেজিত আচরণ শুরু করেন এবং বিচারককে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন। উপস্থিত আইনজীবীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা বশিরকে হ্যান্ডকাফ পরানোর চেষ্টা করলে তিনি কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালান বলে জানান এপিপি। বিচারকের উপস্থিতিতেই ওই পুলিশ সদস্যকে মারধর করা হয়।

ঘটনার পর আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় মামলা আমলে নেন। তাৎক্ষণিকভাবে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের প্রতি সবার আস্থা ও সম্মান থাকা উচিত। আদালতে বশিরের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বরগুনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250