মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

#

ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। ছবি: ইনস্টাগ্রাম

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন করায় ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে বেত্রাঘাত করা হয়েছে। গতকাল সোমবার তাদের এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন। জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখার বাধ্যবাধকতাসহ হিজাবসংক্রান্ত আইন আরও কঠোরভাবে কার্যকরের ইঙ্গিত দিচ্ছে ইরান সরকার।

লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক আল মনিটেরর খবরে বলা হয়েছে, ইরানে সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে—সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার চার সহযোগীকে প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং ‘অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের’ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের এই শাস্তি দেওয়া হয়।

আইনজীবি দলের এক সদস্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, আহমাদি, তার সঙ্গে কনসার্টে অংশ নেওয়া তিনজন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে বেত্রাঘাত করা হয়েছে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তাদের ওপর আরও দুই বছরের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে এ ঘটনা ঘটে। সে সময় ২৯ বছর বয়সী আহমাদি কোম শহরে হাতাকাটা পোশাক পরে এবং হিজাব ছাড়াই এক কনসার্টে গান পরিবেশন করেন। তার ইউটিউব চ্যানেলে এখনো কনসার্টটির ভিডিও রয়েছে। ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। আহমাদি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ৭৭ হাজারের বেশি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের আইনে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই আইন কার্যকরের ক্ষেত্রে সব সময় একই রকম কঠোরতা দেখা যায়নি। বর্তমানে অনেক নারীই হিজাব ছাড়াই বাইরে বের হচ্ছেন, বিশেষ করে রাজধানী তেহরানে।

গত জুনে আহমাদিকে প্রথম দোষী সাব্যস্ত করা হয়। সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

২০২২ সালের পর থেকে ইরানে হিজাব আইন মেনে চলার প্রবণতা কমেছে। ওই বছর যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানি নারীরা প্রায়ই হিজাব ছাড়া নিজেদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। বার্তা সংস্থা এএফপি গত এপ্রিলে জানিয়েছিল, তেহরানসহ ইরানের অন্যান্য শহরের কিছু এলাকায় মাথা না ঢেকে নারীদের জনসমক্ষে চলাফেরা করতে দেখা ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে।

ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে বলেছিলেন, ‘যুদ্ধ পরিস্থিতির’ কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে আইন অমান্য করার প্রবণতা যুদ্ধ শুরুর আগেই দেখা দিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। এএফপি ২০২৫ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল, আরও বেশি নারীকে হিজাব ছাড়া জনসমক্ষে দেখা যাচ্ছে।

তবে গত এক বছরে ইরানি কর্মকর্তারা একাধিকবার জানিয়েছেন, হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত নিয়ম কার্যকর করতে ব্যর্থ হওয়া সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার হুমকি দেন। সরকারবিরোধী অবস্থানের জন্য পরিচিত সংবাদমাধ্যম ইরানওয়্যার বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সরকারের ‘শালীনতা ও হিজাব টাস্কফোর্স’-এর এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে, ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীরা হিজাব আইন মেনে চলছেন কি না, তা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও ছিলেন।

শালীনতাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ইরানের আরও কয়েকজন শিল্পীকে হয়রানি ও শাস্তির মুখে পড়তে হয়েছে।

২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। ওই বছর প্রকাশিত তার একটি গানে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল। অবশ্য একই বছরের পরে জামিনে মুক্তি পান তিনি। ২০২৪ সালে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেপ্তার করা হয়। জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন করে ভিডিও ধারণ করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তিনি ঠিক কবে মুক্তি পেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250