ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন হ্যারি কেইন। এই প্রতিযোগিতায় টানা ১০ ম্যাচে গোল করার নজির গড়লেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার।
এতে তিনি পেছনে ফেলেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি ও সাবেক ডাচ স্ট্রাইকার রুদ ফন নিস্তলরয়কে। তারা দুজন টানা ৯ ম্যাচে গোল করেছিলেন। এখন কেইনের সামনে আছেন কেবল একজন— ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে গোল করার রেকর্ড এই পর্তুগিজ মহাতারকার দখলে।
বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে বায়ার্নের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন কেইন। গানারদের বিপক্ষে খেলা ২৩ ম্যাচে তার গোল বেড়ে হয়েছে ১৬টি। কেইন দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত লড়াইটি শেষ হয় ২-২ সমতায়।
রোনালদোর পর চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কেবল দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা কমপক্ষে ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন কেইন। এর আগে লেভানদোভস্কি বায়ার্নের হয়েই দুবার (২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে) টানা ৯ ম্যাচে গোল করেছিলেন। আর ২০০২-০৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টানা ৯ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন নিস্তলরয়।
ইউরোপের সর্বোচ্চ এই ক্লাব টুর্নামেন্টে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ডটি রোনালদোর দখলে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৬-০৭ মৌসুমের ফাইনাল থেকে শুরু করে ২০১৭-১৮ মৌসুমজুড়ে অনবদ্য পারফরম্যান্স উপহার দেন।
কার্ডিফে জুভেন্তাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জোড়া গোল দিয়ে শুরু হয়েছিল রোনালদোর এই যাত্রা। পরের মৌসুমে গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের সবকটিতেই গোল করেন তিনি। তারপর শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে যথাক্রমে পিএসজি ও জুভেন্তাসের বিপক্ষে দুই লেগেই জাল খুঁজে নেন। টানা ১১ ম্যাচের এই স্বপ্নিল যাত্রায় সব মিলয়ে ১৭টি গোল করেছিলেন তিনি।
খবরটি শেয়ার করুন