ছবি: সংগৃহীত
ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ জোবায়ের, তার স্ত্রী, সন্তান এবং মামলার দুই সাক্ষীসহ মোট ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত একটি মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সমন জারির বিষয়টি নিশ্চিত করে।
সমনে অভিযুক্তদের ১৭ জুন আদালতে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগও রেখেছিলেন। তবে নির্ধারিত দিনে অভিযুক্তদের কেউই আদালতে উপস্থিত হননি। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট দুই সাক্ষী শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরীর বিরুদ্ধেও একই আদেশ জারি করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হলে অভিযুক্তদের যে কোনো সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পরোয়ানা জারির পর আহমেদ জোবায়েরও যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন।
মামলাটি ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে নির্ধারিত দিনে কোনো ধরনের ব্যাখ্যা বা জবাব দাখিল না করায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছেন।
আইনজীবী বা অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম এখন গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ওপর নির্ভর করবে।
খবরটি শেয়ার করুন