ফাইল ছবি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদই করছে না; প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সাথে সমানতালে জনগণ লড়াই করে যাচ্ছে। আমরা এই সংগ্রামী বীরদের অভিনন্দন জানাই।’
আজ শনিবার বিকেলে রংপুরে ১১–দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুর জিলা স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণের পালস বোঝার চেষ্টা করুন। জনগণের অভিপ্রায়-আকাঙ্ক্ষার বিরুদ্ধে মেহেরবানি করে অবস্থান নেবেন না। নিলে কী হয়, সাম্প্রতিক ইতিহাস থেকে সবারই সবক গ্রহণ করা উচিত। অতএব সাফ কথা—তিস্তার ব্যাপারে কোনো ধানাই-পানাই বুঝি না। তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে।’
জামায়াতের আমির বলেন, ‘আমাদের বিভিন্নভাবে গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা—আমরা জাতির সাথে বেইমানি করতে পারব না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশা আল্লাহ। এর থেকে এক চুল পরিমাণ আমরা সরব না। এই আবু সাঈদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম।'
খবরটি শেয়ার করুন