ছবি: সংগৃহীত
আজ শনিবার (১৩ই সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
জাকসু নির্বাচনের ভোট গণনা সম্পন্ন। ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। সিনেট হলে ফলাফল ঘোষণা করা হবে। জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে ভোট গণনা শেষ হয়। এর আগে নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হলো। ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টারও বেশি সময়।
নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় কবি কাজী নজরুল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক আজ শনিবার (১৩ই সেপ্টেম্বর) বেলা তিনটার কিছুক্ষণ আগে বলেন, ‘সব হলের ভোট গণনা শেষ হয়েছে। সর্বশেষ আমার হলের ভোট গণনা বাকি ছিল সেটাও শেষ হয়েছে।'
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আলাদাভাবে সব হলের ভোট গণনা শেষ হওয়ায় এখন সবগুলো ভোট যোগ করে তা আবার যাচাই করে ফলপ্রকাশ হবে।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। আর আজ বেলা আড়াইটার পরে শেষ হলো ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হয়।
ভোট গণনা শেষ হওয়ার সময়সীমা ও নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে একেকবার একেক প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন।
গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তারা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।
সর্বশেষ নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, বেলা একটার মধ্যে ভোট গণনা শেষ হবে।
সন্ধ্যা সাতটার মধ্যে ভোট গণনা শেষ করে, ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
জে.এস/
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)
খবরটি শেয়ার করুন