ছবি: সংগৃহীত
আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠককে স্বাগত জানাল ভারত। শনিবার (১৬ই আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সংক্ষিপ্ত বিবৃতিতে দুই নেতার বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, শান্তির খোঁজে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খবর পিটিআইয়ের।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে গত শুক্রবার (১৫ই আগস্ট) আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়। কিন্তু যুদ্ধবিরতি নিয়ে কোনো বোঝাপড়া বা সমঝোতা হয়নি। দুই নেতা কোনো নির্দিষ্ট লক্ষ্যেও পৌঁছাতে পারেননি। যদিও দুজনেরই দাবি, বৈঠক ‘ফলপ্রসূ’।
নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আলাস্কায় একটা দারুণ সফল দিন কাটল।’ বৈঠকের পর ফক্স নিউজকে ট্রাম্প বলেন, সবকিছু এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে। পরবর্তী পদক্ষেপ তাকেই নিতে হবে। তাকে বসতে হবে পুতিনের সঙ্গে। প্রয়োজনে তিনিও যোগ দিতে পারেন।
ট্রাম্প-পুতিনের এই উদ্যোগকেই ভারত স্বাগত জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান দেখতে গোটা পৃথিবী মুখিয়ে আছে। শান্তি স্থাপন কেবল আলোচনা ও কূটনীতির মাধ্যমেই হতে পারে।
রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের ওপর জরিমানা হিসেবে আমেরিকা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছে। বিবৃতিতে শুল্ক প্রসঙ্গ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি।
জে.এস/
খবরটি শেয়ার করুন