বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ দিনে ১৫০ কোটি পারিশ্রমিকে কমল হাসানের রেকর্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় বাজেটের সায়েন্স ফিকশন সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ আবারও আলোচনার কেন্দ্রে। এবার আলোচনার বিষয় সিনেমার দৃশ্যপট নয়, বরং এতে অভিনয় করা সুপারস্টার কমল হাসানের আকাশচুম্বী পারিশ্রমিক।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমার প্রথম কিস্তিতে প্রভাস বা অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়েছেন এই কিংবদন্তি অভিনেতা।

চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা যুগি সেতু একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে দাবি করেছেন, কমল হাসান এই সিনেমায় মাত্র কয়েক দিনের শুটিংয়ের জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। শুরুতে ২০ দিনের শুটিং শিডিউলের কথা শোনা গেলেও প্রযোজক অশ্বিনী দত্তের বরাত দিয়ে যুগি সেতু জানান, অভিনেতা মাত্র ১০ দিন শুটিং করেছেন। সেই হিসাবে কমল হাসানের দৈনিক পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ২ মিলিয়ন ডলার বা ২০ লাখ ডলার (প্রায় ১৬ কোটি রুপির বেশি)।

গত দশকে কমল হাসানের সিনেমা বাজারে কিছুটা মন্দার মুখে পড়লেও, ২০২২ সালে ‘বিক্রম’ ছবির মাধ্যমে তিনি শক্তিশালী প্রত্যাবর্তন করেন। প্রায় ১৫০ কোটি রুপি বাজেটের সেই ছবি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি আয় করে তার বাণিজ্যিক মূল্য আবার আকাশচুম্বী করে তোলে এবং বড়পর্দায় তার চাহিদাও বহুগুণ বৃদ্ধি পায়।

উল্লেখ্য, সিনেমার প্রথম কিস্তিতে ‘সুপ্রিম ইয়াসকিন’ চরিত্রে কমল হাসানকে দেখা যায়। এই চরিত্রে তিনি এক স্বৈরাচারী শাসক, যে ‘কমপ্লেক্স’ নামের ডিস্টোপিয়ান জগত শাসন করে। ছবিতে তার উপস্থিতি সংক্ষিপ্ত হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

গল্পের গভীরতা অনুযায়ী দ্বিতীয় কিস্তিতে এই খলচরিত্রটিই মূল আকর্ষণ হতে যাচ্ছে। সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে সিক্যুয়েলের শুটিংও শুরু করেছেন তিনি। এছাড়া আরেক দক্ষিণী তারকা রজনীকান্তের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে কমলের। আনুষ্ঠানিকভাবে এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন নেলসন দিলীপ কুমার।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250