ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখতে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। সেই সুযোগে পুনর্বিক্রির বাজারে টিকিটের দাম কয়েক গুণ বেড়েছে। সাধারণ গ্যালারির যে টিকিটের সরকারি মূল্য ৯০ হাজার আর্জেন্টাইন পেসো, সেটিই এখন ৬ লাখ পেসো পর্যন্ত দামে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে।
আগামীকাল ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এটিই মেসির শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন।
মেসির বিদায়ী ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সরকারি টিকিটের দাম ৯০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার পেসোর মধ্যে রেখেছিল। সবচেয়ে কম দামের টিকিট ছিল সাধারণ গ্যালারির। আর সান মার্তিন ও বেলগ্রানোর মাঝের স্ট্যান্ডের সবচেয়ে দামি টিকিটের মূল্য ছিল ৪ লাখ ৮০ হাজার পেসো।
সরকারি বিক্রি শুরু হওয়ার পর টিকিটের চাহিদা এতটাই বেড়ে যায় যে ৮৫ হাজারের বেশি টিকিট মাত্র দেড় ঘণ্টায় বিক্রি হয়ে যায়। বিক্রির ওয়েবসাইটেও ব্যাপক চাপ তৈরি হয়েছিল।
এরপরই পুনর্বিক্রির বাজারে টিকিটের দাম বাড়তে শুরু করে। ৯০ হাজার পেসোর সাধারণ গ্যালারির টিকিটের দাম ৬ লাখ পেসো পর্যন্ত উঠেছে। অর্থাৎ সরকারি দামের প্রায় সাত গুণ।
শুধু পুনর্বিক্রির বাজার নয়, বিভিন্ন প্যাকেজের মাধ্যমেও চড়া দামে টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে। লা প্লাতাভিত্তিক ক্রীড়া পর্যটন প্রতিষ্ঠান মোদো ভুয়েলা তাদের ‘ভিআইপি অভিজ্ঞতা’ প্যাকেজের জন্য ১৮ লাখ পেসো পর্যন্ত দাম চেয়েছে।
এই প্যাকেজে খাবার, বিনোদন, স্টেডিয়ামের পছন্দনীয় আসন, উপহার সামগ্রী এবং ম্যাচ চলাকালে সমন্বয় সেবা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মোদো ভুয়েলা নিজেদের ওয়েবসাইটে আর্জেন্টিনা জাতীয় দলের অফিশিয়াল এজেন্সি হিসেবে পরিচয় দিয়েছে। এএফএর লোগো ও জাতীয় দলের ছবি ব্যবহার করেও তারা প্রচার চালাচ্ছে। তবে এএফএ প্রতিষ্ঠানটির এই দাবি নাকচ করেছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার মুখপাত্র দিয়েগো বের্তুসেল্লি ক্লারিনকে বলেছেন, ‘এটি অফিসিয়াল নয়।’
খবরটি শেয়ার করুন