ছবি: সংগৃহীত
সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে এ প্রশ্ন করেন পরওয়ার।
সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণ যাদের রক্ত দিয়ে বিতাড়িত করেছে, তাদের সঙ্গে গোপনে যদি এই সরকারের কোনো একটা অংশের সম্পর্ক না থাকে, তাহলে কী করে গতকাল দেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে পারল? গোয়েন্দা সংস্থা, পুলিশ ও ল-এনফোর্সিং এজেন্সি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল করতে পারায় সরকারের ইঙ্গিত আছে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে আছেন, তারা মুখে মুখে বলছেন—আমরা আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, ধরে আনব, বিচার করব। বিচার কোর্ট করছে, আর আপনারা বড় বড় আসামিদের জামিন দিচ্ছেন মিছিল করতে—যাদের ধরতে পারছেন না।’ তিনি দিল্লির সঙ্গে গোপনে সরকারের ভেতরে কোনো অংশের যে সম্পর্ক নেই—তা প্রমাণ করার আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে যারা পার্লামেন্টে এবং রাজপথে আছে, তাদের সামাল দেওয়ার জন্য সরকারের ভেতরে একটা অংশ হয়তো আওয়ামী লীগের কিছু কিছু নেতাকে রিফাইন করে নতুন করে এ দেশের রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’ এই ‘সর্বনাশা পথ’ থেকে তিনি সরকারকে ফিরে আসার আহ্বান জানান।
ক্ষমতাসীন সরকার ফ্যাসিবাদের দিকে ধাবিত হতে শুরু করেছে বলেও মন্তব্য করেন পরওয়ার। তিনি বলেন, ‘মনে হচ্ছে যেন আমাদের চব্বিশের রক্তদান যেন বৃথা চলে যাবে।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার ক্ষমতায় গেলে শরিয়ার বাইরে আইন না করার প্রতিশ্রুতি, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করেছে। পারিবারিক আইন, হেবার আইন পরিবর্তন করে সরকার কোরআনের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
খবরটি শেয়ার করুন