ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি, রয়টার্স
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির দাবি, ওয়াশিংটনকে এসব শর্ত মেনে আত্মসমর্পণ করতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক হামলা কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয়। সম্মানজনক আচরণ ও আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে।
একই সময়ে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোরও দাবি করেছে। দেশটির অভিযোগ, পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসির প্রতিক্রিয়ায় দ্বৈতনীতি দেখা গেছে। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এবং হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই তার। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সক্ষমতার সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে। তবে সেগুলো ব্যবহারের প্রয়োজন হবে বলে তিনি মনে করছেন না।
এ সময় তিনি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেন। এসব দেশ নতুন করে হামলা শুরুর বিপক্ষে বলে জানান তিনি।
তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া আগের প্রস্তাবও এখন পর্যন্ত গ্রহণ করেনি ওয়াশিংটন।
গত সপ্তাহে তেহরান সফরের পর সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও আলোচনা করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি ফেরানোর বিষয়ে আলোচনা ইতিবাচক হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তারা শিগগিরই কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে তেহরানের সাতটি শর্ত মেনে নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি ওয়াশিংটনকে ‘কাল্পনিক আলোচনা’ নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধের আহ্বান জানান।
আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরান এখন যুদ্ধের বিষয়ে আগের চেয়ে আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরছে। দেশটির নেতারা নিজেদের শর্ত পূরণ ছাড়া যুদ্ধের সমাপ্তি মেনে নেওয়া হবে না, এমন বার্তা দিতে চাইছেন।
ইরানের প্রস্তাব অনুযায়ী, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হামলা বন্ধ করতে হবে। এর বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেবে তেহরান। এরপর দেশটির পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হতে পারে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত রোববার ইরানের শর্তগুলোকে ‘অবাস্তব ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেন, আলোচনার টেবিলে থাকা প্রস্তাবগুলোর মধ্যে এটিই সবচেয়ে যুক্তিসংগত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক উপায়ে কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে যুদ্ধের অবসান ঘটানো যাবে না। এর জন্য সম্মানজনক ভাষায় আলোচনা করতে হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের দাবি ও শর্ত অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। দুই দিনের পরিকল্পনায় এসব শর্ত তুলে ধরা হয়েছে এবং সেগুলো এখনো আলোচনার জন্য বহাল রয়েছে।
আরাগচির দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, ভবিষ্যতেও হবে না। এ বিষয়টি ট্রাম্পের আরও আগেই উপলব্ধি করা উচিত ছিল।
গত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের জনগণ। ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে দেশটি যেন বারবার যুদ্ধে জড়িয়ে না পড়ে, সেটিই তারা চান।
খবরটি শেয়ার করুন