মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার *** আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী *** আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন *** ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির *** স্মৃতি সংরক্ষণের নামে ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, আসকের নিন্দা *** দেশে ফিরলে শেখ হাসিনার দণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর *** নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ পরওয়ারের *** যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের, আপাতত হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের *** আওয়ামী লীগের সময়ের রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে জানানো হয়েছে, বেনজীর আহমেদ জামিনে মুক্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দেশটি ত্যাগ করতে পারবেন না।

কার্যপ্রণালী বিধির ১৪৭-এর অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার বিষয়ে সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক তথ্য এবং সরকারের নেওয়া কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে অবহিত করেন।

বেনজীর আহমেদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আইনের শাসন, ন্যায়বিচার এবং যথাযথ আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।

সালাহউদ্দিন বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাইক্রমে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গত বছরের ১১ এপ্রিল রেড নোটিশ জারি জারি করা হয়। গত ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায় বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানালে বাংলাদেশ মাত্র চার দিনের মধ্যে আনুষ্ঠানিক একস্ট্রাডিশন রিকোয়েস্ট পাঠায়। পরবর্তী সময়ে দেশটির চাহিদার প্রেক্ষিতে অতিরিক্ত তথ্য ও প্রমাণাদি পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের বর্তমান অবস্থান এবং সংযুক্ত আরব আমিরাতে চলমান প্রত্যর্পণ কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানার লক্ষ্যে সংসদে প্রস্তাবটি গ্রহণের আগেই এনসিবি ঢাকার পক্ষ থেকে এনসিবি আবুধাবির কাছে আনুষ্ঠানিকভাবে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছিল। যার ফলে গত ৯ সেপ্টেম্বর এনসিবি আবুধাবির একটি পত্র এনসিবি ঢাকায় আসে।

বেনজীরের হেফাজত-সংক্রান্ত অবস্থার পরিবর্তন অনুরোধপ্রাপ্ত সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতাভুক্ত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান কিংবা প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না।

প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথোরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ কর্তৃক পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন পৃথকভাবে একটি মামলা রুজু করেছে। ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণপূর্বক প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে অবস্থিত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্যপ্রমাণ প্রাপ্তি সাপেক্ষে সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনো ব্যক্তির জামিনপ্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ সম্পন্ন করতে কিছু আইনগত ও বিচারিক ধাপ অতিক্রমের প্রয়োজন হওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না। বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথি দিয়েছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রয়েছে।

সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে মন্ত্রী বলেন, যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন

🕒 প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250