ছবি: সংগৃহীত
কুমিল্লার ধর্মসাগর পাড়ে ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বাড়িটি সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার নামে বাড়ির একমাত্র উত্তরাধিকারী আরমা দত্তের নামে স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে আরমা দত্তের সম্পত্তির অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক জানায়, ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক অবদান সংরক্ষণ করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তবে সেই দায়িত্ব পালনের নামে তার একমাত্র উত্তরাধিকারী আরমা দত্তের সম্পত্তির অধিকার উপেক্ষা করা কিংবা তাকে পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক বিচ্ছিন্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংস্থাটি প্রশ্ন তুলেছে, ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণের জন্য তার উত্তরাধিকারীর মালিকানাধীন বাড়ি বা জমিটিই কেন নিতে হবে? তার অবদান স্মরণ ও সংরক্ষণের জন্য স্মৃতি জাদুঘর, স্মারক, গবেষণা কেন্দ্র কিংবা অন্য কোনো বিকল্প উদ্যোগ নেওয়া সম্ভব কিনা, তা বিবেচনার আহ্বান জানিয়েছে আসক।
বিবৃতিতে আরও বলা হয়, ঐতিহাসিক ব্যক্তিত্বের অবদান সংরক্ষণের ক্ষেত্রে তার উত্তরাধিকারীর অধিকার ও মর্যাদাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উল্লেখ করে আসক জানায়, আরমা দত্ত উত্তরাধিকারসূত্রে বাড়িটির মালিক এবং বাড়িটি নিয়ে কী করা হবে, তা তার ব্যক্তিগত ও আইনগত এখতিয়ার। তিনি বাড়িটি দখলের ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছেন। তার এই উদ্বেগকে পাশ কাটিয়ে ঐতিহাসিক সংরক্ষণের নামে কোনো উদ্যোগ নেওয়া হলে তা হবে একজন নাগরিকের সম্পত্তির অধিকার ও মর্যাদার প্রতি গুরুতর অবজ্ঞা।
সংবিধানের ৪২ অনুচ্ছেদে সম্পত্তির অধিকার স্বীকৃত উল্লেখ করে সংস্থাটি জানায়, আইনসম্মত কর্তৃত্ব ছাড়া কোনো নাগরিককে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা বিশেষ কোনো গোষ্ঠীর চাপ ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে জোরপূর্বক হস্তক্ষেপের বৈধতা দিতে পারে না।
এ প্রেক্ষাপটে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আসক।
সংস্থাটি জানায়, বাড়িটির উত্তরাধিকারী আরমা দত্ত যখন একটি সংঘবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ করছেন, ঠিক সেই সময়ে গত ৯ নভেম্বর বাড়িটি সংরক্ষণের বিষয়ে একটি কমিটি গঠন করে অধিদপ্তর। এ সংক্রান্ত চিঠিতে বাড়িটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে উল্লেখ করা নিয়েও প্রশ্ন তুলেছে আসক।
আরমা দত্ত আসককে জানিয়েছেন, বাড়িটি দেখভালের জন্য নিয়মিত একজন কেয়ারটেকার নিয়োজিত ছিলেন, যিনি একটি গোষ্ঠীর ভয়ভীতি প্রদর্শনের কারণে সম্প্রতি চলে যেতে বাধ্য হয়েছেন।
বিবৃতিতে আসক স্পষ্টভাবে জানিয়েছে, ইতিহাস সংরক্ষণের নামে ইতিহাসের একজন মহান ব্যক্তিত্বের পরিবারকে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ধীরেন্দ্রনাথ দত্তের অবদান যথাযথভাবে সংরক্ষিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করে সাইনবোর্ড ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং আরমা দত্তের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে আসক। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভুল তথ্যসংবলিত অফিস আদেশটি প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংস্থাটি।
খবরটি শেয়ার করুন