শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি *** এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা *** ডিসেম্বরে কাউকে ঠেকানোর দরকার পড়বে না: জামায়াত আমির *** তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি আবদুল এল-সায়েদের *** আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা *** ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা *** হঠাৎ ঢাকায় পিটার হাস, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মার্কিন-ভারত বৈঠক ঘিরে নানা গুঞ্জন *** শেখ হাসিনার দেশে ফেরা কী সম্ভব, যা বললেন সলিমুল্লাহ খান *** মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি *** ইতিহাসে প্রথমবার এক টেবিলে ট্রাম্প, শি ও পুতিন, আলোচনা কী নিয়ে

ডিসেম্বরে কাউকে ঠেকানোর দরকার পড়বে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেও তেমন সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি শেখ হাসিনার নাম সরাসরি উল্লেখ না করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ডিসেম্বর মাসজুড়ে জামায়াতের কর্মসূচি থাকবে। এসব কর্মসূচিকে প্রাণবন্ত করতে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়ব। কাউকে ঠেকানোর জন্য নয়, ঠেকানোর দরকার পড়বে না।

আজ শনিবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রতিনিধিদের উদ্দেশে আরও বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোটচোর, ডাকাত, ষড়যন্ত্রকারী ও ভোট ইঞ্জিনিয়ারকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে জনগণকে সংগঠিত করতে হবে এবং জনগণের প্রতিরোধের মাধ্যমেই তাদের মোকাবিলা করা হবে।’ 

সম্মেলনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘অনেকে আমাদের বলেন, এই সরকারকে এভাবে আর দেশের ক্ষতি করতে কত দিন আপনারা দেবেন? আমরা বলি, আমরা এক মিনিটও দিতে চাই না। শুধু জনগণ বুঝে নিক, কার কী চেহারা, কার কী চরিত্র। এটা বুঝে নেওয়া দরকার।’

শফিকুর রহমান বলেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আমরা আপস করব না।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘বিএনপি নির্বাচন মানল, গণভোট না মেনে প্রতারণা করল। সংকটটি তারাই তৈরি করল। এ প্রতারণা মানব না, জাতি মানবে না। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘ফ্যাসিবাদ একটি ভাইরাস। যার মধ্যে এর লক্ষণ দেখা যায়, তাকেই ফ্যাসিবাদ বলা যাবে। বর্তমান সরকারের মধ্যেও এর প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে।’

যুবনেতাদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কিশোর গ্যাংয়ের উৎপাত গ্রামেও চলে গেছে, যা সমাজের জন্য ভয়ংকর হুমকি। এ ধরনের অপকর্ম যে ব্যক্তি, দল বা গোষ্ঠী লালন করুক না কেন, মূল অপরাধী তারাই।’

শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে। জোর করে উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক হিসেবে যাদের বসানো হচ্ছে, তাদের ন্যূনতম যোগ্যতা নেই। স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটিগুলো দলীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হচ্ছে।’

দীর্ঘ অসুস্থতার পর শনিবারের এ কর্মসূচিতে প্রথমবারের মতো যোগ দেন জামায়াতের নায়েবে আমির এবং বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি তরুণ সমাজকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, ঘাট দখল, হাট দখল, বস্তি দখল, নেশা ও মাদকের দিকে ঠেলে দিয়ে ধ্বংস করছে।’

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250