ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) দুপুরের পর ধানমন্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে ১৪ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়েছিল। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
আজ বিকেলে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, আটক কিশোরটি গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক বা খারাপ কোনো তথ্য পাওয়া যায়নি। সেই কারণে তাকে ধানমন্ডি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
কিশোরকে আটকের পর পুলিশ বলেছিল, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে সে ছাত্রদল করে। আরেকবার বলছে ছাত্রশিবির করে। আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ব্যক্তি নাশকতা করতে পারে, এমন সন্দেহ হলেই তাকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গত মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়।
খবরটি শেয়ার করুন