ছবি: সংগৃহীত
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
মাহদী হাসানের দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে তারা ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ তাদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। তার ধারণা, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।
এ বিষয়ে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’
তবে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি রাত ২টায় গণমাধ্যমে বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’
ওসি আরও বলেন, মাহদী হাসানের বাসা থেকে ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে। মূলত চাচার বাসায় আগুন দেখে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে এসে তার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।
উল্লেখ্য, এ ঘটনায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগের পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
খবরটি শেয়ার করুন