ফাইল ছবি
জাকাত ব্যবস্থাপনার জন্য ডেটাবেজ করা এবং দেশে ইসলামি ব্যাংকিং ব্যবস্থাকে ‘প্রমোট’ করার প্রস্তাব দিয়েছেন বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আন্দালিভ রহমান এ প্রস্তাব করেন।
তবে ইসলামি ব্যাংকিং নিয়ে তার এ প্রস্তাবের প্রসঙ্গ টেনে সরকারি দলের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না। এটা বিএনপির লক্ষ্য ও আদর্শের সঙ্গে যায় না। তিনি প্রশ্ন রাখেন, দেশ কি শুধু মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে? পরে এটি নিয়ে সংসদে অনির্ধারিত বিতর্ক হয়।
বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ইসলামি ব্যাংকিং নিয়ে আন্দালিভ রহমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, আন্দালিভ রহমান পার্থ বক্তব্যে ইসলামিক ব্যাংক সম্পর্কে গুরুত্বারোপ করেছেন। স্বাধীন বাংলাদেশ, বিএনপির লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ ধর্মীয় মূল্যবোধ। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলা হয়নি। সব ধর্মের মানুষের মূল্যবোধকে ধারণ করা হবে।
গয়েশ্বর বলেন, ইসলামী ব্যাংকের একজন পরিচালক যিনি এখন জামায়াতের রাজনীতি করেন, তাকে তিনি একজনের চাকরির জন্য বলেছিলেন। গয়েশ্বরের ভাষায়, ‘সে (ওই পরিচালক) বলল, দাদা, নামটা পাঠিয়ে দেন। নাম পাঠানোর পরে বলে—“দাদা সরি, ও তো হিন্দু, এ চাকরি তো আমি দিতে পারব না।’’’
বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া বাংলাদেশের অন্য কোনো ধর্মের মানুষ চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, বলতে পারে আমি হিন্দু মানুষ মসজিদে যেতে পারব না বা মাদ্রাসায় যাওয়া উচিত হবে না। কিন্তু ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা না।’
এটাকে বৈষম্য আখ্যা দিয়ে গয়েশ্বর প্রশ্ন রাখেন, দেশ কি মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে? নাকি এ ভৌগোলিক অঞ্চলে জন্ম নেওয়া সব জাতি–ধর্মের মানুষ যারা জন্মগ্রহণ করেছে, তারা দেশ স্বাধীন করেছে? আন্দালিভ রহমানের কাছে এর ব্যাখ্যা দাবি করেন গয়েশ্বর।
গয়েশ্বরের বক্তব্যের পর বিষয়টি নিয়ে ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন অমুসলিমদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে। অমুসলিমরা ইসলামি ব্যাংকিংয়ে চাকরি করতে পারবেন না—এ বাধার কথা তার জানা নেই। তবে তার ধারণা ইসলামী ব্যাংকে যে কেউ চাকরি করতে পারেন।
খবরটি শেয়ার করুন