ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে বুধবার সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।
নোটিশে কূটনৈতিক ও সরকারি নির্বাহী আদেশের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে নোটিশটি পাঠানো হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, আইনের শাসনের মূলনীতি অনুযায়ী সব নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনাও আইনের আশ্রয়লাভের অধিকার রাখেন। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে গঠনমূলক আইনি ও প্রশাসনিক পরামর্শ হিসেবে কয়েকটি পদক্ষেপ বিবেচনার কথা বলা হয়েছে।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে এ বিষয়ে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদের বিধান সমুন্নত রাখতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
খবরটি শেয়ার করুন