বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলা, মারধর ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ। সংগঠনটির নেতারা এ ঘটনাকে বিচারপ্রার্থী মানুষের নিরাপত্তা, মানবাধিকার এবং বিচার বিভাগের মর্যাদার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আজ বুধবার (১৮ নভেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেশাজীবী মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, কো-আহ্বায়ক অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান এবং সদস্যসচিব এম এম মিজানুর রহমান এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে তারা জানান, ১৭ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের এজলাস কক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলা, মারধর ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

শামীম আল সাইফুল সোহাগ পেশাজীবী মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং আইন সহায়ক পরিষদের কেন্দ্রীয় নেতা। তাকে পরিকল্পিতভাবে শারীরিকভাবে আঘাত করা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেও হামলাকারীরা মারধর বন্ধ করেননি বলে উল্লেখ করেন সংগঠনটির নেতারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পাহারায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, যা মিটফোর্ড হাসপাতাল নামে পরিচিত, সেখানে নেওয়া হলেও প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ না দিয়ে দ্রুত থানায় নিয়ে যাওয়া হয়। দেশের একটি বিচারিক আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে অথবা তাদের নিরাপত্তাবলয়ের মধ্যে একজন আইনজীবীর ওপর এ ধরনের হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা দেশের প্রচলিত আইন, মানবাধিকার এবং বিচার বিভাগের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে আদালত প্রাঙ্গণে হামলার শিকার হওয়ার পরও একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনজীবী সোহাগকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাসের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার আগে আদালত প্রাঙ্গণে সোহাগের ওপর হামলার ঘটনা ঘটে। দুপুর থেকেই আদালত এলাকায় জড়ো হয়েছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা সাঈদ খোকন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনজীবী সোহাগকে মারধরের অভিযোগ ওঠে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, কয়েক ব্যক্তি সোহাগকে মাটিতে ফেলে মারধর করছেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলেও তার ওপর আঘাত অব্যাহত থাকে। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

বুধবার আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী তপু নাসরিন আগের দিনের হামলা ও আইনজীবীদের হেনস্তার বিষয়টি তুলে ধরেন। তিনি আদালতকে জানান, মঙ্গলবার একই আদালতে বাবুল আক্তার নামের এক আসামির জামিন শুনানি করেছিলেন তারা। পরে সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানি করতে গেলে বহিরাগত ব্যক্তিরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় তিনিও হেনস্তার শিকার হয়েছেন।

এ সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন আইনজীবী সোহাগ। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানি থাকায় তিনি ৩৩ নম্বর আদালতে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে বের করে নেওয়া হয়। পরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রেখে মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে নিজেকে একটি ভ্যানের ওপর দেখতে পান। তাকে দেখে অনেকে মৃতদেহ মনে করেছিলেন বলেও আদালতকে জানান তিনি।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সোহাগ বলেন, ‘আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিল আসামি।’

গত ৯ নভেম্বর সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন সোহাগ। নিজেকে নির্দোষ উল্লেখ করে তিনি আদালতের কাছে জামিন চান। তিনি বলেন, ‘আমি একজন আইনজীবী, আমি কেন বোমাবাজি করব? আদালত এলাকায় বোমা নিক্ষেপের বিষয়ে আমি কিছু জানি না। আমি জামিন পাওয়ার হকদার।’

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন তার জামিনের বিরোধিতা করেন। তিনি আদালতে দাবি করেন, সোহাগ দিনে ফ্যাসিস্টের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেন এবং রাতে বোমাবাজি, গাড়িতে আগুন ও ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকেন। তার ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশেই আদালত এলাকায় বোমা নিক্ষেপ করা হয়েছে এবং সোহাগ ওই ঘটনায় জড়িত। পুলিশ প্রাথমিকভাবে এর সত্যতা পেয়েছে বলেও তিনি দাবি করেন। এ সময় তিনি আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করার অনুরোধ জানান।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, সিএমএম আদালতের সামনে বোমা নিক্ষেপের ঘটনা দুঃখজনক। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের ধারায় হওয়ায় সাধারণ বিবেচনায় জামিন দেওয়ার সুযোগ নেই। পুলিশ প্রাথমিকভাবে আসামিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ার দাবি করেছে। এরপর আদালত সোহাগসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য দুজন হলেন ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয ইসলাম (১৯)।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ওই বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে দায়িত্ব পালনরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে পরদিন সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা অনুপম দাসের আবেদনে বলা হয়, সোহাগসহ তিনজন এ মামলার সন্দেহভাজন আসামি। মঙ্গলবার রাতে সূত্রাপুরের সরকারি কবি নজরুল কলেজের সামনে উত্তেজিত জনতার কাছ থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। আটকের আগে জনতার মারধরে সোহাগ আহত হন। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখা প্রয়োজন।

তদন্ত কর্মকর্তার আবেদনে সোহাগকে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আদালতে নিজের বক্তব্যে তিনি ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

পেশাজীবী মানবাধিকার পরিষদের বিবৃতিতে বলা হয়, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী অপরাধের অভিযোগে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির আইনগত অধিকার এবং শারীরিক নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেই তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে শারীরিক নির্যাতন বা সহিংসতার শিকার হতে হবে, এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন করে না, বরং দেশের সামগ্রিক বিচারব্যবস্থা ও নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি তৈরি করে।

সংগঠনটির নেতারা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল স্থানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কিংবা দায়িত্বে অবহেলা ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আটক কিংবা বিচারাধীন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার, যথাযথ আইনি প্রক্রিয়া এবং শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিচারাধীন কোনো ব্যক্তির অপরাধ প্রমাণের আগে তার অধিকার ক্ষুণ্ন করা যাবে না।

পেশাজীবী মানবাধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ জামালের নাম উল্লেখ করা হয়েছে। তিনি এ ঘটনায় সংগঠনের নিন্দা ও প্রতিবাদের বিষয়টি সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেন।

তিনি ও সংগঠনের নেতারা মনে করেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলার অভিযোগ এবং একই ঘটনায় আহত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন। আদালতের নিরাপত্তা, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ এবং বিচারাধীন ব্যক্তিদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

পেশাজীবী মানবাধিকার পরিষদ (পিএইচআরসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250