ফাইল ছবি
ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ভূমিকম্প মোকাবিলায় বিদ্যমান প্রস্তুতি সম্পর্কে পরবর্তী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানো, জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের তালিকা প্রস্তুত এবং বিভিন্ন সাহায্য-সহযোগিতা ও বরাদ্দ যথাযথভাবে বিতরণের ওপর গুরুত্বারোপ করেছে কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এস এ জিন্নাহ কবীর, নাদিয়া পাঠান পাপন, মোসাম্মৎ শাম্মী আক্তার, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ আলী আছগার।
বৈঠকে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন সাহায্য-সহযোগিতা ও বরাদ্দ যথাযথভাবে বিতরণ, আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখা এবং নির্মাণকাজে ঠিকাদারেরা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে যথাযথ নজরদারি নিশ্চিত করার জন্য কমিটি সুপারিশ করেছে।
বৈঠকে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। একই সঙ্গে সরকারের বিগত ছয় মাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম তার স্বাগত বক্তব্যের শুরুতে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ও মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানান।
খবরটি শেয়ার করুন