ফাইল ছবি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ নীতি ঘোষণা করলেও সরকার পরিচালনায় ব্যক্তি, দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক ও দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তার মতে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির স্বার্থ রক্ষায় সেগুলো ব্যবহৃত হচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে না পারলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানেই সীমাবদ্ধ থাকবে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) ডেইলি স্টারের ছাপা সংস্করণে প্রকাশিত এক কলামে এসব কথা লিখেছেন মাহফুজ আনাম। ‘প্রধানমন্ত্রীর নীতি সবার আগে বাংলাদেশ, অন্যদের কাছে সবার আগে ব্যক্তিস্বার্থ’ শিরোনামের লেখাটির উপশিরোনাম, ‘টেকসই অগ্রগতির জন্য আমাদের অভ্যাস, অগ্রাধিকার ও মানসিকতা বদলাতে হবে’।
কলামের শুরুতে মাহফুজ আনাম স্বাধীনতার ৫৫ বছরের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার পর্যবেক্ষণ, স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি। কিন্তু সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুবিধা খুব কমই পেয়েছে। অর্থনীতি বড় হয়েছে। জিডিপি ও মাথাপিছু আয় বেড়েছে। কিন্তু ধনী-গরিবের ব্যবধানও বেড়েছে। দরিদ্র ও প্রান্তিক মানুষের দুর্দশা অর্থনৈতিক পরিসংখ্যানের আড়ালে থেকে যাচ্ছে।
তারেক রহমান বিএনপির নির্বাচনী ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান যুক্ত করেছেন। জাতিসংঘে দেওয়া ভাষণে বলেছেন, ‘সবার জন্য বাংলাদেশ’। মাহফুজ আনামের মতে, দুটি ধারণাকে একত্র করে সব জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ার সুযোগ রয়েছে। তবে তার জন্য ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে স্থান দিতে হবে।
তিনি প্রশ্ন তুলেছেন, সংসদ সদস্যরা কি নিজেদের নির্বাচনী এলাকার চেয়ে অন্য কোনো এলাকায় বেশি প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্মত হবেন? তার মতে, ক্ষমতাসীন দলগুলো রাষ্ট্রের বিভিন্ন শাখা, এমনকি বেসরকারি খাতেও দলীয় স্বার্থ প্রতিষ্ঠায় প্রশাসনিক কাঠামো ব্যবহার করে। জনগণ তাদের ভোট দিয়েছে—এই যুক্তিতে দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থ হিসেবে প্রতিষ্ঠার প্রবণতা তৈরি হয়।
এর একটি সাম্প্রতিক উদাহরণ হিসেবে তিনি হাসপাতালের শয্যা বাড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করেছেন। ডেইলি স্টারের ২১ অক্টোবরের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৯টি সরকারি হাসপাতালে ২ হাজার ৮৭৯টি নতুন শয্যা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৮৮টি, অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নির্বাচনী এলাকা বা নিজ জেলার সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালগুলো পেয়েছে। অথচ বেশি রোগীর চাপ থাকা কয়েকটি হাসপাতাল শয্যা বাড়ানোর সুবিধা পায়নি।
হাসপাতালের শয্যা বরাদ্দের পাশাপাশি সারের ডিলার নিয়োগেও রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। গত ১১ নভেম্বর জাতীয় সংসদে এ অভিযোগ তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, সারের ডিলার নিয়োগে সংসদ সদস্য ও ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয়স্বজনকে সুবিধা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সম্পৃক্ত। কয়েকজন সংসদ সদস্যের আত্মীয়দের ডিলারশিপ পাওয়ার অভিযোগও তোলেন তিনি। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ অবশ্য বলেছেন, সরকারি নিয়ম মেনে উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পরে ১৪ নভেম্বর ডেইলি স্টারের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিভিন্ন জেলায় ডিলার নিয়োগে দলীয় পরিচয়, আত্মীয়তা ও ঘুষের অভিযোগের বিস্তারিত উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, যোগ্য ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে ক্ষমতাসীন দলের নেতা, কর্মী ও তাদের স্বজনদের অনেকে ডিলারশিপ পেয়েছেন। কয়েকটি এলাকায় ঘুষ লেনদেনের অভিযোগও পাওয়া গেছে। সংশ্লিষ্ট কয়েক নেতা ও জনপ্রতিনিধি এসব অভিযোগ অস্বীকার করেছেন। ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেন, সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মাহফুজ আনাম তার কলামে ব্যাংক খাতের দুরবস্থার কথাও তুলে ধরেছেন। তার মতে, অনেক বেসরকারি ব্যাংক পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যদের ব্যক্তিগত সম্পত্তির মতো পরিচালিত হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বাধীন পেশাদার কর্মকর্তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেননি। রাজনৈতিক ক্ষমতাসীনদের যোগসাজশে ব্যাংক খাতে অনিয়ম হয়েছে। এর পরিণতিতে খেলাপি ঋণ বেড়েছে। ব্যাংকগুলো দুর্বল হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাও বাধাগ্রস্ত হয়েছে।
সরকারি বিশ্ববিদ্যালয়ের অবনতির জন্য উপাচার্য নিয়োগে রাজনীতিকীকরণকে দায়ী করেছেন তিনি। তার মতে, মেধার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে গুরুত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা হারাচ্ছে। উপাচার্যরা শিক্ষামন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের নির্দেশ পালনকারীতে পরিণত হচ্ছেন। বিএনপি ক্ষমতায় ফেরার পর নিয়োগ পাওয়া অধিকাংশ উপাচার্যের রাজনৈতিক অনুরাগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষ করে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাদের প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করেছেন।
দুর্নীতির ঐতিহাসিক প্রেক্ষাপটও এ আলোচনায় গুরুত্বপূর্ণ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচকে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ টানা পাঁচ বছর তালিকার সর্বনিম্নে ছিল। তবে এই পাঁচ বছরের প্রথম বছর আওয়ামী লীগ এবং পরের চার বছর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় ছিল। ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল তালিকার নিচের দিক থেকে তৃতীয়।
মাহফুজ আনাম দুর্নীতির অন্যতম বড় ক্ষেত্র হিসেবে অর্থপাচারের কথা বলেছেন। আমদানিতে পণ্যের মূল্য বেশি এবং রপ্তানিতে কম দেখিয়ে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করা হয়। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির ২০২৬ সালের মার্চে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার পাচার হয়েছে। বছরে গড়ে ৬৮০ কোটি ডলার। বিআইবিএমের ২০২৫ সালের গবেষণায় বলা হয়েছে, পাচার হওয়া অর্থের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্যসংশ্লিষ্ট লেনদেনের মাধ্যমে গেছে। আর সাবেক অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবিষয়ক শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বছরে গড়ে ১ হাজার ৬০০ কোটি ডলার পাচার হয়েছে।
তার প্রশ্ন, একদিকে শিল্পকারখানার জ্বালানি কেনা ও বাজেট সহায়তার জন্য বাংলাদেশ বিদেশি ঋণের ওপর নির্ভর করছে, অন্যদিকে প্রতিবছর বিপুল অর্থ পাচার হয়ে যাচ্ছে। এই অর্থপাচার প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, কর আদায়কারী ও রাজনৈতিক সুবিধাভোগীদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে মনে করেন তিনি। অথচ এ অপরাধ বন্ধে কার্যকর উদ্যোগ খুবই সামান্য। তার আশঙ্কা, ক্ষমতাসীনদের কেউ কেউ সম্পদ কিংবা রাজনৈতিক প্রভাবের কারণে এ ব্যবস্থার সুবিধাভোগী।
দুর্নীতির বিরুদ্ধে শুধু তদন্ত শুরু করাকে যথেষ্ট মনে করেন না মাহফুজ আনাম। অপরাধীদের পরিচয় প্রকাশ, বিচার এবং শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে নাইজেরিয়ার উদাহরণ দিয়েছেন। দেশটির অভিজাত শ্রেণির সঙ্গে আন্তর্জাতিক ব্যবসায়ীদের যোগসাজশে সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। অথচ সাধারণ মানুষ দরিদ্রই রয়ে গেছে। বাংলাদেশের জন্যও এ ধরনের যোগসাজশের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তিনি।
কলামের শেষাংশে তিনি বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে প্রথমে ব্যক্তির পরিবর্তে প্রতিষ্ঠানকে প্রাধান্য দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই করতে হবে। এ দায়িত্ব শুধু সরকারের নয়, নাগরিক ও পেশাজীবীদেরও। নিজের সুবিধামতো নয়, সব সময় আইন মানতে হবে। সৎ থাকতে হবে, পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং নিয়মিত কর দিতে হবে।
মাহফুজ আনাম ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি সমর্থন জানিয়ে সরকারকে সতর্ক করেছেন, এটিকে যেন কেবল একটি রাজনৈতিক স্লোগানে পরিণত করা না হয়।
খবরটি শেয়ার করুন