শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

সালতামামি

২০২৫ জুড়ে নাটকের গল্পে রহস্য, সম্পর্ক, প্রেম ও পরিবারের গুরুত্ব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৫ সালে নাট্যজগতে দর্শকের মন ছুঁয়ে গেছে অনেক নাটক। এ বছর মুক্তিপ্রাপ্ত নাটকগুলোয় ছিল প্রেম, আবেগ, হাস্যরস ও রহস্যের মিশ্রণ। প্রতিটি গল্পই দর্শকের অনুভূতিকে স্পর্শ করেছে এবং চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছে। অনলাইন ও সামাজিক মাধ্যমে নাটকগুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

ঈদ, ভ্যালেন্টাইনস ডে ও অন্যান্য বিশেষ সময়ে মুক্তি পাওয়া নাটকগুলো দর্শককে দিয়েছে আনন্দ ও আবেগ। দর্শক এসব নাটকের মধ্যে খুঁজে পেয়েছেন নতুন গল্প, অনুভূতি ও ভাবনার জায়গা।

মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও দায়িত্ববোধকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘ঘ্রাণ’। নাটকটি ঈদে মুক্তির পর দর্শককে গভীরভাবে নাড়া দেয়। গল্পের শুরু মিরপুরের বেনারসি পল্লী থেকে, যেখানে শাড়ি কিনতে গিয়ে অপূর্ব এক অজানা দ্বিধায় পড়ে যায়। রোজী সিদ্দিকীর সহায়তায় সে প্রবেশ করে স্মৃতির ফ্ল্যাশব্যাকে, যা গল্পকে নিয়ে যায় আবেগের ভেতর।

প্রেমিকা নীহার খালার জন্মদিনে গিয়ে অপূর্ব বুঝতে পারে, সে নিজের মায়ের জন্মদিনই জানে না। এই না-জানা থেকেই শুরু হয় একজন সন্তানের মায়ের প্রতি ভালোবাসা ও দায়বোধের খোঁজ। মুক্তির মাত্র দুই সপ্তাহে নাটকটি ইউটিউবে ৭১ লাখের বেশি দর্শক দেখেছেন।

এ নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, নাজনীন নাহার নীহা, রোজী সিদ্দিকীসহ আরো অনেকে। পরিচালনায় ছিলেন মাশরিকুল আলম।

জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নির্মিত নাটক ‘মেঘ বালিকা’। এতে জুটি হয়ে কাজ করেছেন অপূর্ব ও নীহা। গল্পে আবিদ ও নায়লার সম্পর্কের নানা রঙ ফুটে উঠেছে। আবিদ নায়লার অনেক সিনিয়র হলেও নায়লার প্রেমের গভীরতা পারিবারিক বন্ধনকেও চ্যালেঞ্জ জানায়।

নাটকে দেখা যায়, আবিদ নায়লার বড় ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারও তাকে নিজের একজন হিসেবে গ্রহণ করেছে। নায়লার পাগলামি, প্রেম একসময় পারিবারিক সম্পর্ককে হুমকিতে ফেলে। সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশারসহ আরো অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির প্রথম তিনদিনেই নাটকটি ৪০ লাখের বেশি দর্শক পেয়েছে। প্রেম, বন্ধুত্ব ও পারিবারিক মূল্যবোধ নাটকটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

জাকারিয়া সৌখিন পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘প্রিয় প্রজাপতি’। এ নাটক শুরুতেই দর্শকের মন ছুঁয়ে যায়। ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত এ নাটকের গল্প খুব সাধারণ হলেও ভীষণ সুন্দর। অফিসগামী বাস, চেনা কর্মস্থল আর দুই সহকর্মীর ধীরে ধীরে কাছে আসার গল্পই এখানে মূল বিষয়।

মুগ্ধর জীবনে হঠাৎ আসা প্রজাপতি নামের মেয়েটি অজান্তেই তার ভাবনাজুড়ে ছড়িয়ে পড়ে। ভালোবাসার কথা বলতে না পারা, ছোট ছোট মান-অভিমান আর খুনসুটির মধ্য দিয়ে গল্প এগিয়ে চলে স্বাভাবিক গতিতে। অফিস পিকনিকের দৃশ্যে গান ও আনন্দে সম্পর্ক পায় নতুন রঙ। 

জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণের সহজ ও প্রাণবন্ত অভিনয় নাটকটিকে আরো হৃদয়ছোঁয়া করে তোলে। মুক্তির পর অল্প সময়েই নাটকটি বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করে।

‘তোমাদের গল্প’ একটি অনুপ্রেরণামূলক ও বাস্তবধর্মী নাটক। এতে জীবনের সত্য, সম্পর্কের জটিলতা ও মানুষের দৈনন্দিন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যৌথ পরিবারের আবেগী গল্প দর্শককে কাঁদিয়েছে এবং সম্পর্কের মূল্য নতুন করে ভাবতে বাধ্য করেছে। নাটকটির বাস্তব উপস্থাপন দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে, ফলে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও নাটকটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ফারহান আহমেদ জোভানের বিপরীতে তানজিম সাইয়ারা তটিনীর সাবলীল অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। তটিনীর অভিনয় দেখে অনেকেই তাকে শাবনূরের সঙ্গে তুলনা করছেন আর জোভান পাচ্ছেন প্রশংসা। সিদ্দিক আহমেদের চিত্রনাট্য ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি দর্শকের ভালোবাসা কুড়িয়েছে।

‘খোয়াবনামা’ শুরুতেই দর্শকের কৌতূহল তৈরি করেছে। কবরে শুয়ে থাকা লাশ ও চারপাশে সাপের উপস্থিতি নিয়ে তৈরি ভয়ের পোস্টার প্রকাশের পর নাটকটি আলোচনায় আসে। পরে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার হলে আগ্রহ আরো বাড়ে। অস্বস্তিকর, ধাঁধাময় ও রহস্যে ভরা গল্পে কবরের আজাবের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা দর্শকের মনে ভয় ও কৌতূহল একসঙ্গে তৈরি করেছে।

হরর, মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত ভিকি জাহেদের পরিচালনায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ২৮শে আগস্ট ইউটিউবে মুক্তির পর নাটকটি অল্প সময়েই দারুণ সাড়া পেয়েছে।

‘ক্ষতিপূরণ’ একটি আবেগঘন প্রেম ও দুঃখের গল্প। ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরীর অভিনয় প্রেমের গভীরতা ও জীবনের বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। মুক্তির পর নাটকটি দর্শক ও অনলাইন দর্শক উভয়ের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং প্রেম ও বিশ্বাসের বার্তা সুন্দরভাবে পৌঁছে দিয়েছে।

‘উইশ কার্ড’ একটি রোমান্টিক কমেডি নাটক। এতে হৃদি ও সাদের প্রেমের মধুর মুহূর্তগুলো প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে। হাস্যরস ও আবেগের সমন্বয় দর্শকের বিনোদনের পাশাপাশি সম্পর্কের সৌন্দর্যও তুলে ধরেছে। মুক্তির পর নাটকটি ইউটিউবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রচারিত ‘মন দুয়ারী’ নাটকে সম্পর্ক, বোঝাপড়া ও অনুভূতির সূক্ষ্ম পরিবর্তনগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। অপূর্ব ও নীহার অভিনয় দর্শকের হৃদয় স্পর্শ করেছে। আবেগঘন এ রোমান্টিক নাটকটি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

জে.এস/

সালতামামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250