ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ড-এ অর্থনীতির অধ্যাপক ড. বিরূপাক্ষ পাল বলছেন, গত দেড় বছরে তথাকথিত সংস্কারবাদী ও ‘কিঞ্চিৎ বিপ্লবী’ শাসকদের কাজই ছিল আওয়ামী আমলের অর্থনীতি কতটা খারাপ ছিল, তার নিয়মিত বয়ান রচনা করা। সেগুলো ছিল নিজেদের অকর্মণ্যতা ঢাকার চাতুর্যপূর্ণ চেষ্টা। আওয়ামী অর্থনীতি কোভিড-উত্তর সময়কালে দরবেশ যুগে প্রবেশ করেছিল—সে কথা সবারই জানা। সেগুলো নিয়ে পুরোনো গানের মহড়া করার জন্য ছাত্র-জনতা ইউনূস সরকারকে ক্ষমতায় বসায়নি। দৈনিক প্রথম আলোতে আজ সোমবার, ১১ মে প্রকাশিত এক নিবন্ধে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইউনূস সরকার অর্থনীতির যে সমূহ ক্ষতি করে গেছে, সেগুলোর তথ্য হাতে থাকার পরও বিএনপির মন্ত্রীরা এগুলো প্রকাশ করতে কোথায় যেন একটা ‘শরম’ অনুভব করেন। ২০০৯ সালে আওয়ামী সরকার ৯০২ ডলারের মাথাপিছু আয় হাতে পায়, যা ২০২৪ সালে ১৯৪১ ডলারে উন্নীত হয়। ২০০৬ সালে বিএনপি অর্থনীতিকে যে জায়গায় রেখে গিয়েছিল, তার চেয়ে অনেক উন্নততর স্থানে আজকে তারা এটিকে হাতে পেয়েছে। অবকাঠামো, মাথাপিছু আয়, দারিদ্র্য বিমোচন, বিনিয়োগ, জীবনযাত্রার মান, সামাজিক পুঁজি ও শিল্পায়ন—এই সব সূচকেই বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সমূহ উন্নতি হয়েছে। দেশ স্বল্পোন্নত অর্থনীতির তকমা থেকে মুক্তি পাওয়ার মাহেন্দ্রক্ষণে উপস্থিত।
দেশের অর্থনীতি কি সত্যিই ‘ভঙ্গুর’ অবস্থায় পৌঁছেছে? নাকি রাজনৈতিক বক্তব্যের অতিরঞ্জনে অর্থনীতির বাস্তব চিত্র আড়াল হয়ে যাচ্ছে? সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যে দেশের অর্থনীতিকে প্রায় ধ্বংসস্তূপ হিসেবে তুলে ধরার প্রবণতা দেখা গেছে। বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যে এমন ধারণা দেওয়া হয়েছে যে তারা একেবারে শূন্য বা ভগ্ন অর্থনীতি হাতে পেয়েছেন।
কিন্তু অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল তার সাম্প্রতিক বিশ্লেষণে এই বয়ানকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার মতে, দেশের অর্থনীতিতে গুরুতর দুর্বলতা থাকলেও একে ‘ভঙ্গুর’ বা ‘ধ্বংসপ্রাপ্ত’ বলা তথ্যভিত্তিক নয়; বরং তা রাজনৈতিক বক্তব্যের অংশ।
নিজের শৈশবস্মৃতি দিয়ে আলোচনার শুরু করেছেন বিরূপাক্ষ পাল। একাত্তরে শরণার্থী হয়ে গারো পাহাড়ে আশ্রয় নেওয়ার স্মৃতি টেনে তিনি বলেন, তার ছোটবেলার খেলার সাথি অর্চনা হাজং একটি গান গাইত—‘সি সি পিদাসি/ মাটির কলসি/ ভাঙ্গিলে না লাগে জোড়া।’ সেই স্মৃতি থেকেই তিনি প্রশ্ন তুলেছেন, দেশের অর্থনীতিও কি সত্যিই এমন ভঙ্গুর অবস্থায় চলে গেছে, যা একবার ভেঙে গেলে আর জোড়া লাগবে না?
এই প্রশ্নের পেছনে রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী–এর বক্তব্য। তিনি সম্প্রতি বলেছেন, তারা একটি ‘ভঙ্গুর অর্থনীতি’ হাতে পেয়েছেন। বিরূপাক্ষ পালের মতে, অর্থনীতি কোনো কাচের গ্লাস নয় যে একবার ভাঙলে পুরো ব্যবস্থা অচল হয়ে যাবে। তার ভাষায়, রাজনৈতিক তাড়নায় পুরো অর্থনীতিকে ভঙ্গুর বলে প্রচার করা একদিকে যেমন তথ্যনিষ্ঠ নয়, অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীদের কাছেও নেতিবাচক বার্তা দেয়। তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন দেশকে গাজার সঙ্গে তুলনা করেছিলেন, তখন সেটিও আন্তর্জাতিক বিনিয়োগের জন্য ইতিবাচক সংকেত ছিল না।
বিরূপাক্ষ পালের মতে, গত দেড় বছরে তথাকথিত সংস্কারবাদী ও ‘কিঞ্চিৎ বিপ্লবী’ শাসকদের প্রধান কাজ ছিল আওয়ামী লীগ আমলের অর্থনীতি কতটা খারাপ ছিল, তার ধারাবাহিক বয়ান তৈরি করা। কিন্তু বাস্তবে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই প্রচার বেশি ব্যবহৃত হয়েছে বলে তিনি মনে করেন। তার বিশ্লেষণে উঠে এসেছে, মূল্যস্ফীতি কমেনি, বরং বেকারত্ব ও দারিদ্র্য বেড়েছে; বিনিয়োগ কমেছে এবং শেয়ারবাজার ও খেলাপি ঋণের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও তা মূলত পুঁজি পণ্যের আমদানি কমিয়ে আনার ফল। এর প্রভাব পড়েছে প্রবৃদ্ধিতে; জিডিপি প্রবৃদ্ধি নেমে গেছে তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে।
তিনি দাবি করেন, বিএনপির অনেক মন্ত্রীই হয়তো এসব তথ্য সম্পর্কে পুরোপুরি অবগত নন। উদাহরণ হিসেবে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টানেন। গত ১৮ এপ্রিল ওই মন্ত্রী বলেন, বিএনপি অর্থনীতির একেবারে শূন্য অবস্থা থেকে যাত্রা শুরু করেছে এবং অধ্যাপক ইউনূস নাকি ‘মাইনাস’ অবস্থা থেকে অর্থনীতিকে ‘শূন্যে’ এনে দিয়েছেন। বিরূপাক্ষ পালের মতে, অর্থনীতিকে কোনো থার্মোমিটারের একক সংখ্যা দিয়ে বিচার করা যায় না। তিনি মনে করেন, এই ধরনের বক্তব্যে আওয়ামী লীগ আমলের অর্থনীতিকে খাটো করতে গিয়ে উল্টো ইউনূস সরকারের অর্থনৈতিক ব্যর্থতাকে আড়াল করা হয়েছে।
বিরূপাক্ষ পাল প্রশ্ন তোলেন, ১৯৭১ থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির দীর্ঘ পথচলায় কি কোনো উন্নয়ন হয়নি? তার মতে, গত পাঁচ দশকে অর্থনীতিতে যে পরিবর্তন এসেছে, তা অস্বীকার করা বাস্তবতাবিবর্জিত। তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ রবার্ট সলোর প্রবৃদ্ধি তত্ত্বের প্রসঙ্গ টেনে মাথাপিছু আয়ের তথ্য বিশ্লেষণ করেন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০১ সালে বিএনপি সরকার ৬৪১ ডলারের মাথাপিছু আয় হাতে পায়, যা ২০০৭ সালে বেড়ে ৮২৬ ডলারে পৌঁছায়। অন্যদিকে আওয়ামী লীগ ২০০৯ সালে ৯০২ ডলারের মাথাপিছু আয় নিয়ে যাত্রা শুরু করে এবং ২০২৪ সালে তা ১ হাজার ৯৪১ ডলারে পৌঁছে। এই সময়ে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯ শতাংশ, যা ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি।
বিরূপাক্ষ পালের প্রশ্ন, এই অর্জন কি খুব সামান্য? এটিকে কি ভঙ্গুরতা বলা যায়, নাকি বরং তুলনামূলক শক্তিশালী অর্থনৈতিক অবস্থানের প্রমাণ?
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বলেছেন, দেশের অর্থনীতি এখন প্রায় সব সূচকেই সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কর-জিডিপি অনুপাত, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও রপ্তানি প্রবৃদ্ধির দুর্বলতার প্রসঙ্গ তুলে তিনি ২০০৬ সালের বিএনপি আমলের সঙ্গে ২০২৬ সালের তুলনা করেছেন। কিন্তু বিরূপাক্ষ পালের মতে, তুলনাটি হওয়া উচিত ছিল ২০২৪ সালের জুলাইয়ের সঙ্গে। কারণ, তার দাবি অনুযায়ী, ইউনূস সরকারের দেড় বছরে অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।
বিশেষভাবে দারিদ্র্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী ২০২৪ সালে দারিদ্র্যের হার ছিল ২০ শতাংশ, যা বর্তমানে প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে। মাত্র দেড় বছরে ১০ শতাংশ পয়েন্ট বৃদ্ধিকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করেন। তার মতে, ১৯৯১ থেকে ২০২২ পর্যন্ত বাংলাদেশে দারিদ্র্য ধারাবাহিকভাবে কমেছে এবং এতে বিএনপি, আওয়ামী লীগ ও এক-এগারোর সরকার—সব আমলের অবদান রয়েছে। কিন্তু ইউনূস আমল পেয়েছে ‘ঋণাত্মক কৃতিত্বের’ তকমা।
কর-জিডিপি অনুপাত নিয়েও অর্থমন্ত্রীর বক্তব্যে ভুল আছে বলে দাবি করেন বিরূপাক্ষ পাল। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে এই হার ছিল ৭ শতাংশ, ১০ শতাংশ নয়। আওয়ামী লীগ আমলে এটি বেড়ে ৯ শতাংশে উঠলেও পরে আবার কমে আসে। ইউনূস সরকারের সময় রাজস্ব আদায়ের দুর্বলতায় এটি আরও নিচে নেমেছে বলে তিনি উল্লেখ করেন।
খেলাপি ঋণের প্রসঙ্গে তিনি স্বীকার করেন, আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতে বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়েছে। তবে তার মতে, ইউনূস সরকারের সময় মব-সন্ত্রাস, মামলা ও শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে খেলাপি ঋণ আরও দ্রুত বেড়েছে।
সবশেষে বিরূপাক্ষ পালের মূল বক্তব্য হলো—২০০৬ সালে বিএনপি যে অর্থনীতি রেখে গিয়েছিল, আজ তারা তার চেয়ে অনেক উন্নত অর্থনীতি হাতে পেয়েছে। অবকাঠামো, মাথাপিছু আয়, দারিদ্র্য হ্রাস, শিল্পায়ন, বিনিয়োগ ও জীবনযাত্রার মান—সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের দ্বারপ্রান্তে। যদিও পুঁজিবাজার, রাজস্বব্যবস্থা ও ব্যাংক খাতে বড় দুর্বলতা রয়েছে, তবু সঠিক নীতি ও দক্ষ ব্যবস্থাপনায় সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।
তার ভাষায়, দেশের অর্থনীতি অর্চনার গানের সেই ‘মাটির কলসি’ নয়, যা ভেঙে গেলে আর জোড়া লাগে না। বরং এটি এখনো সম্ভাবনাময় একটি অর্থনীতি। তাই সরকারের উচিত হতাশার বয়ান নয়, বরং বাস্তবতা স্বীকার করে ইতিবাচক আস্থা তৈরির মাধ্যমে এগিয়ে যাওয়া।
খবরটি শেয়ার করুন