শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার *** নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা *** খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর *** দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন শেখ হাসিনা: ডিএসসিসি প্রশাসক *** ‘শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে’ *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী

কান্নাঝরা কণ্ঠে ইমরানের মুক্তি চাইলেন মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটের দুই কিংবদন্তির সম্পর্কের গল্পে মতপার্থক্য, বিতর্ক ও নানা ঘটনার কমতি নেই। কিন্তু দীর্ঘদিনের সতীর্থ ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সব ভেদাভেদ যেন এক মুহূর্তে ভুলে গেলেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়কের কারাবাসের প্রসঙ্গ উঠতেই আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরানের স্বাস্থ্য ও কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে সম্প্রতি নতুন করে সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইউটিউব চ্যানেল ন্যারেটিভ-এ দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের সতীর্থের সততার কথা তুলে ধরলেন মিয়াঁদাদ।

কান্নাজড়িত কণ্ঠে মিয়াঁদাদ বলেন, ‘তিনি একজন সৎ মানুষ। তিনি এমন কেউ নন, যিনি দুর্নীতিতে জড়ান। তা না হলে তিনি অনেক কিছুই করতে পারতেন। তাকে ছেড়ে দিলে কী হবে? তিনি কি কাউকে খেয়ে ফেলবেন, নাকি কারও ক্ষতি করবেন? তিনিও তো কারও সন্তান। আমি সব সময় ভাবি, তিনি এখন কী করছেন।’

ইমরানকে খুব কাছ থেকে চেনেন বলেই তার সততা নিয়ে নিজের বিশ্বাসের কথা জোর দিয়ে বলেন মিয়াঁদাদ। পাকিস্তান দল ও কাউন্টি ক্রিকেটে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন দুজন। তার প্রশ্ন, সাবেক এই অধিনায়ককে কারাগারে রেখে আসলে কী অর্জন করা হচ্ছে? সংশ্লিষ্টদের একসঙ্গে বসে সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বানও জানান তিনি।

মিয়াঁদাদ বলেন, ‘ইমরান আর আমি একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছি। ইংল্যান্ডে ছয় মাস একসঙ্গে থেকেছি। একসঙ্গে খেয়েছি, সময় কাটিয়েছি। পরে পাকিস্তান দলেও একসঙ্গে খেলেছি। আমার কাছ থেকে তাকে অধিনায়কত্বও দিয়েছিলাম। আমাদের সম্পর্ক খুব ভালো ছিল।’

ইমরানকে নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে আর নিজেকে সামলাতে পারেননি মিয়াঁদাদ। কারাগারের ভেতরে দীর্ঘদিনের সতীর্থ কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেই ভাবনাই তাকে ভেঙে দেয়। শেষ পর্যন্ত কথা চালিয়ে যেতেও কষ্ট হচ্ছিল পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটারের, ‘সবাইকে বসতে হবে এবং বিষয়টির সমাধান করতে হবে। সমস্যা যা-ই থাকুক, পাকিস্তানের জন্য সেটিই এখন দরকার। বিষয়টি অযথা দীর্ঘায়িত করা হচ্ছে। এটা ঠিক নয়। আমার প্রার্থনা, ন্যায়সংগত বিষয়টির জয় হোক। আমি যা বলছি, হৃদয় থেকেই বলছি।’

ইমরানকে জাতীয় বীর আখ্যা দিয়ে মিয়াঁদাদ বলেন, ‘যা ভুল, তা ভুলই। সে অবশ্যই একজন জাতীয় বীর। আমি প্রার্থনা করি, এই সমস্যার সমাধান হোক। পাকিস্তান সরকারের কাছে আমার আবেদন। আমি ইমরানকে সবদিক থেকেই চিনি। সে একজন সৎ মানুষ।’

জাভেদ মিয়াঁদাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250