রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

উত্তর কলকাতার একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু দর্শনার্থী। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার অন্তর্গত চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে দর্শনার্থীরা প্রবীণ শারদা পার্ক (চোরবাগান) মণ্ডপ থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এ সময় মণ্ডপের প্রস্থান গেটে উপচে পড়া ভিড় ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হলে দর্শনার্থীরা হুড়োহুড়ি শুরু করেন। এতেই পদদলনের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত অন্তত ৩৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করা হয়েছে। 

কলকাতা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে লালবাজার কন্ট্রোল রুম, ফায়ার সার্ভিস, কলকাতা পুলিশ, ডিএমজি (ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ) টিম এবং একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চোরবাগান সর্বজনীন পূজা মণ্ডপটি বর্তমানে সাধারণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে এক প্রত্যক্ষদর্শী জানান, ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই অনেকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই আশপাশের মানুষ মোটরসাইকেল ও অন্যান্য বাহনে করে বহু আহতকে হাসপাতালে পৌঁছে দেন।

অন্য এক প্রত্যক্ষদর্শী আক্ষেপ করে বলেন, ‘মণ্ডপে ঢোকা ও বের হওয়ার পথ দুটিই সংকীর্ণ ছিল। এ ছাড়া ওই এলাকায় পর্যাপ্ত আলো বা আলোকসজ্জার ব্যবস্থা ছিল না।’

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মনোজ আগরওয়াল।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন, ‘চোরবাগান পূজা মণ্ডপে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা করছি। এই কঠিন মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি জোগাতে ওপরওয়ালার কাছে আবেদন জানাচ্ছি।’

বর্তমানে ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার পুরো বিষয়টি তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন।

পূজামণ্ডপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250