মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান *** আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর *** সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সেবার মান বাড়বে তো? *** বিটিভির লোগো বদলানোর উদ্যোগে বিশিষ্টজনদের আপত্তি

২২০ কেজি হরিণের মাংসসহ দুজন আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে ২২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে দৈহারী নৌ পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠ বডির ট্রলারে তল্লাশি করে এসব মাংস উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. খলিল (৪১) এবং একই উপজেলার তাফালবাড়িয়া গ্রামের চান মিয়া মাঝির ছেলে বাবুল ফরাজি (৪২)।

দৈহারী নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠ বডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকে আটক করা হয়।

দৈহারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরতকাঠি খেয়াঘাট থেকে ২২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বরগুনার পাথরঘাটা এলাকা থেকে বিভিন্ন নৌপথে নেছারাবাদে অবৈধভাবে হরিণের মাংস আনার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কাঠ ও গোলপাতাবাহী ট্রলারসহ মাছ ধরার ট্রলারেও এসব মাংস পরিবহন করা হয়। পরে নেছারাবাদের বিভিন্ন স্থানে থাকা কথিত চোরাকারবারিদের কাছে এসব মাংস পৌঁছে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সময়ের অভিযানে হরিণের মাংস বিক্রির সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হলেও পুরোপুরি বন্ধ হয়নি এই অবৈধ বাণিজ্য। তাদের আরও অভিযোগ, চোরাই পথে আনা এসব মাংস দীর্ঘ সময় সংরক্ষণ করায় কখনো কখনো পচা অবস্থায় বাজারজাত করা হয়। এমনকি হরিণের মাংসের সঙ্গে শিয়ালের মাংস মিশিয়ে গোপনে বিক্রির অভিযোগও রয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে আসামিদের পিরোজপুর আদালতে পাঠানো হবে।

এদিকে অভিযানে জব্দ করা ২২০ কেজি মাংসের পরবর্তী ব্যবস্থা কী হবে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি। বন্য প্রাণী সংরক্ষণে আইন থাকা সত্ত্বেও নৌপথে হরিণের মাংসের অবৈধ পরিবহন ও বেচাকেনার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা এ চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

হরিণের মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250