সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

‘আওয়ামী লীগের আগে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী জামায়াতের বিচার হতে হবে’

শুভ্র বড়ুয়া

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচারের লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি ৪ জুলাই নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, অভিযোগ প্রমাণ হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা ও দলটির সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে।

এর আগে ৩ জুলাই ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত ও নির্মূল হয়েছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের দাবি উঠেছে, তদন্ত চলছে এবং শিগগিরই আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পরদিনই চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সামনে তদন্তের অগ্রগতি এবং বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

তবে আইন বিশেষজ্ঞদের মত হলো, কোন আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে, তা অস্পষ্ট। এ ছাড়া বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও তা রাজনীতির জন্য ভালো বার্তা দেবে না। এর মাধ্যমে দেশের রাজনীতিতে অমোচনীয় সংকট ও ক্ষতের সৃষ্টি হতে পারে। তারা মনে করছেন, সুনির্দিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচার হতে পারে। তবে এই কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের বিচার দেশ, গণতন্ত্র ও রাজনীতির জন্য শুভ হবে না।

জার্মানিতে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করার উদাহরণ টানা হলেও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর অপরাধ আর ২০২৪ সালে আওয়ামী লীগের অপরাধ এক নয়। আওয়ামী লীগের যেসব নেতা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার হতে পারে।

এদিকে সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না, সে বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্তের পরে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, রিপোর্ট যদি দাখিল করা হয়, চিফ প্রসিকিউটর হিসেবে আমার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।’

‘তদন্তে যদি মানবতাবিরোধী অপরাধসহ উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করতে পারবে। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণ হলে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে আইনে দলটির সম্পত্তি বাজেয়াপ্তেরও সুযোগ রয়েছে,’ বলে তিনি উল্লেখ করেন।

তবে আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে রাজনীতিতে সুদূরপ্রসারী বিপজ্জনক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম মনে করছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বিচার নিয়ে মাতামাতি অথবা বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর উদ্যোগ দেশকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া ছাড়া কোনো সুফল আনবে না। এ দেশে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে আমাদের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী ফোর্স হিসেবে কাজ করা জামায়াতের বিচার হতে হবে।’

বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় আওয়ামী লীগের বিচার করা সম্ভব নয় দাবি করে তিনি বলেন, ‘আমরা মানি, আর না মানি এ দেশে মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার পেয়েছি আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনের ভিত্তিতে। গত দেড় দশক আওয়ামী লীগের অনেক নেতা অপরাধ করেছেন, তাদের বিচার হতে পারে। তবে দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও তাদের নিষিদ্ধ করা হলে রাজনীতিতে দীর্ঘমেয়াদে ক্ষত সৃষ্টি হবে।’

মোহাম্মদ শাহ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250