রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল *** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্ত্রী ও শেখ হাসিনার মা’ উল্লেখ করা হয়েছে। ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অধ্যক্ষদের মধ্যে অন্য উপহারসামগ্রীর মধ্যে ওই ক্যালেন্ডারও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে ভিসির এমন দায়িত্বজ্ঞানহীন কাজে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশগ্রহণকারীদের প্রত্যেককে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারসহ নানা উপহার দেওয়া হয়।

ডেস্ক ক্যালেন্ডারের প্রথমে জানুয়ারি মাসের পাতায় ওপরে এক পাশে রাষ্ট্রপতি ও অপর পাশে ভিসির ছবি রয়েছে। নিচে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি রয়েছে। ছবিতে থাকা ব্যানারে কালো ব্যাকগ্রাউন্ডের একেবারে ওপরে লেখা রয়েছে— ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। এরপরই বড় হরফে লেখা— ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’।

ব্যানারে বাঁ পাশে খালেদা জিয়ার ছবির নিচে ক্যাপশনেও লেখা রয়েছে, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’।

বিষয়টি সম্মিলনে অংশগ্রহণকারীদের নজরে এলে তোলপাড় সৃষ্টি হয়। কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে একটি মারাত্মক ত্রুটি ফুটে উঠেছে বলে অংশগ্রহণকারীদের অনেকে মন্তব্য করেন। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, ক্যালেন্ডারটি প্রত্যাহার এবং ঘটনার কারণ, দায়দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে তদন্ত কমিটি করা হয়েছে। দায়িত্বে অমনোযোগিতা ও অবহেলার এ ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তাকে চিহ্নিত করে একজনকে সাময়িক বরখাস্ত ও চারজনের দপ্তর বদল করা হয়েছে।

তাদের মধ্যে কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়ার চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার, জনসংযোগ বিভাগের উপরেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত ও কারণ দশার্নোর নোটিশ এবং জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও কামরুল হাসানকে রেজিস্ট্রার দপ্তরে বদলি করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250