রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল *** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ *** পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত *** স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা *** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান

পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

পাবনার বেড়া মডেল থানা ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এ সময় ককটেল বিস্ফোরণ এবং পুলিশের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও ১১৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বরের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার রাতে শম্ভুপুর গ্রাম থেকে চার নারী সমর্থককে গ্রেপ্তারের পর রোববার ভোর সাড়ে চারটার দিকে বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত আওয়ামী লীগ কর্মী-সমর্থক বেড়া মডেল থানা ঘেরাও করেন।

এ সময় তারা থানা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন। তারা থানার জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে আগুন দেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডজনখানেক টিয়ার শেল ও ১১৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তারা থানা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে ও কাচ ভাঙচুর করেন। এ ছাড়া থানায় রাখা এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে আগুন দেন তারা।

তিনি বলেন, পুলিশ টিয়ার শেল ও ১১৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, চার নারীকে গ্রেপ্তারের পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে গত ১৯ নভেম্বর থেকে বেড়া উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল। দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের পর ২১ নভেম্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর থানার ওসিকে বদলি করা হয়। দায়িত্ব নেন নতুন ওসি।

এ বিষয়ে বেড়া থানার ওসি বলেন, গত ২১ নভেম্বরের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার রাতে শম্ভুপুর গ্রাম থেকে ওই চার নারীকে গ্রেপ্তার করা হয়।

‘মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে,’ যোগ করেন তিনি।

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250