ছবি: ভিডিও থেকে নেওয়া
মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে সড়ক অবরোধ করা নেতাকর্মীদের উদ্দেশে ‘আপনারা সাকসেস’ (সফল) বলে মন্তব্য করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। অবরোধকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি তাদের সড়ক ছেড়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করারও অনুরোধ জানান। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হয়ে ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, গত রাত থেকে তারা যে কর্মসূচি পালন করেছেন, তাতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এ জন্য তিনি নিজের পক্ষ থেকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে বিক্ষোভকারীদের ধন্যবাদ জানান।
অবরোধকারীদের উদ্দেশে ওসি বলেন, ‘ধন্যবাদ, আপনাদের সবাইকে। গত রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
এরপর তিনি বলেন, ‘আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন।’
তবে ওসির বক্তব্যের ব্যাখ্যায় শেখ আমিনুল ইসলাম বলেছেন, আন্দোলনকারীরা যাতে ভাঙচুর ও নাশকতা না চালান, সে জন্য তিনি এ ধরনের কথা বলেছেন। তার ভাষ্য, আন্দোলনকারীরা পুলিশ কিংবা সাধারণ মানুষের ওপর হামলা চালালে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। এমন আশঙ্কা থেকেই পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছেন তিনি।
ভিডিওতে ওসির পাশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকেও দেখা যায়। তাদের মধ্যে একাধিক মামলার আসামি উজির আহমেদ সাগর রয়েছেন বলে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়টিও ওসির বক্তব্য নিয়ে বিতর্ক বাড়িয়েছে।
ওসি তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, সংসদ সদস্য তাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি না করার কথা বলেছেন। স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে ওসি বলেন, এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক এবং তারাও সংসদ সদস্যকে ভোট দিয়েছেন।
ওসি বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না, আগ্রাসী ভূমিকা নিয়ে আমরা বা আমি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাসায় হামলা করেছি বা হয়রানি করেছি। এখানকার এমপি বলেছেন, আমি (জাহান্দার আলী মিয়া) আওয়ামী লীগের ভোটে নির্বাচিত। এখানে ১০ বা ১৫ শতাংশ অন্য ভোটার। বাকি সব আওয়ামী লীগের। এখানে আপনারাই কিন্তু তাকে ভোট দিয়েছেন।’
তিনি আরও বলেন, সংসদ সদস্য কখনো কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেননি। স্থানীয় মানুষের প্রতি ক্ষোভ বা অভিমান থাকলেও তা ভুলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় শান্ত থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘এটা ওসির বক্তব্য। ওসিকে জিজ্ঞেস করেছিলাম, এমন কথা কখন তাকে বলেছি? ওসি বললেন, পরিস্থিতি সামাল দিতে তিনি এ কথা বলেছেন। আমি সকলের ভোটে নির্বাচিত। সকলে আমাকে ভোট দিয়েছেন।’
ওসির বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচনাকারীদের অনেকে প্রশ্ন তুলেছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের অবরোধকারীদের উদ্দেশে একজন পুলিশ কর্মকর্তার এভাবে ধন্যবাদ জানানো কতটা দায়িত্বশীল আচরণ। কেউ কেউ তার বক্তব্যকে পুলিশের নিরপেক্ষতা ও আইন প্রয়োগের ভূমিকার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বলেছেন, সংঘাত এড়াতে পুলিশ পরিস্থিতি শান্ত করার কৌশল হিসেবে এমন বক্তব্য দিতে পারে। তবে বক্তব্যের উদ্দেশ্য যা-ই হোক, একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের শব্দচয়ন প্রত্যাশিত কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এদিকে আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউন কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকায় তেমন কোনো প্রভাব দেখা যায়নি। রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করেছে। পল্টন, মতিঝিল, শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় মানুষের চলাচল ছিল স্বাভাবিক। কোথাও কোথাও অন্যান্য দিনের মতো যানজটও দেখা গেছে। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও দৈনন্দিন কার্যক্রম চলেছে স্বাভাবিক নিয়মে।
রাজধানীতে কর্মসূচির প্রভাব না থাকলেও দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাদারীপুরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার রাত ১২টার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল শুরু হয়। পরে রোববার ভোর চারটার দিকে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো ছাড়াও আত্মরক্ষার জন্য টিন দিয়ে বেষ্টনী ও ঢাল তৈরি করেন অবরোধকারীরা। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকেরা দুর্ভোগে পড়েন। তবে জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।
অন্যদিকে কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (মিডিয়া) কামরুম মুনিরা বলেছেন, লকডাউন কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচল বন্ধ করা, সড়ক অবরোধ করা কিংবা যানবাহন চলাচলে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। মাদারীপুর ও শরীয়তপুরসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুতে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি ও নাশকতার চেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে লকডাউন জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান নিয়মিত কার্যক্রমের অংশ। পরিস্থিতি বিবেচনায় বাহিনীগুলো প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করছে। জাজিরায় সংঘর্ষ ও প্রাণহানির বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি আজ রোববার শুরু হয়েছে। আগামীকাল সোমবারও কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে। তবে রাজধানীতে কর্মসূচির দৃশ্যমান প্রভাব না থাকলেও দেশের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
খবরটি শেয়ার করুন