ছবি: বিএনপির মিডিয়া সেল
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
আজ বুধবার রাত ৯টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের সার্বিক পরামর্শ ও অনুমোদনের পরই ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি ঘটেছে এবং তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতার করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই দিন গভীর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিমের অধীনে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১৪ এপ্রিল বিশেষায়িত চিকিৎসা ও প্রয়োজনীয় ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছিল। সেখানে এত দিন তার ফিজিওথেরাপি চলছিল।
খবরটি শেয়ার করুন