শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

২০২৭ সালেই অবসর নেওয়ার ইঙ্গিত রোনালদোর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

পেশাদার ফুটবলে দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় কাটানো ক্রিস্তিয়ানো রোনালদো জানালেন অবসর নিয়ে তার ভাবনা। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা আগামী বছরই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন। স্পোর্তিং লিসবনের হয়ে ২০০২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস ঘুরে বর্তমানে খেলছেন আল নাসরের হয়ে।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ঝুলিতে আছে বহু শিরোপা। পাশাপাশি অনেক ব্যক্তিগত অর্জনের গর্বিত মালিক তিনি। গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, তিনি আরও ‘এক বা দুই বছর’ খেলা চালিয়ে যেতে চান এবং ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পর্তুগাল। এরপর গুঞ্জন উঠলেও অবসর নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

তবে এখন বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে পরবর্তী জীবনের প্রস্তুতি নিতে শুরু করেছেন রোনালদো। গতকাল রোববার লাইফস্টাইল ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘হয়তো এটাই ফুটবলে আমার শেষ বছর (মৌসুম) এবং আমি এক অসাধারণ লেগ্যাসি রেখে যেতে চাই।’

পাঁচবারের ব্যালন দি’অর জয়ী এই তারকার অর্জনের খাতায় শূন্য রয়ে গেছে বিশ্বকাপটি। যৌথভাবে রেকর্ড ছয়টি বিশ্বকাপে অংশ নিলেও ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি তার অধরাই থেকে গেছে তার। তবে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে ছুটছেন। ক্লাব ও দেশের হয়ে ইতোমধ্যে ৯৭৬টি গোল করেছেন তিনি।

সম্প্রতি ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন রোনালদো। পর্তুগালে গত মঙ্গলবার ১০ বছরের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেন তিনি। পেশাদার ক্যারিয়ারের ২৫তম মৌসুম কাটাতে থাকা রোনালদো জানিয়েছেন, অবসরের পর অনেক কিছু করতে চান, ‘নিজেকে ব্যস্ত রাখার মতো এত কিছু করার আছে যে, আমি শুধু একটি বেছে নিতে পারব না। কারণ, ফুটবল (থেকে অবসর নেওয়া) বিশাল শূন্যতা তৈরি করতে পারে। তাই কেবল একটি দিয়ে নয়, বরং বিভিন্ন বিষয় দিয়ে তা পূরণ করতে হবে।’

তিনি যোগ করেছেন, ‘এটা হবে আরও উপভোগ্য। আরও বেশি ভ্রমণ করা। প্যাডেল খেলা ও দেখা, যা আমি সত্যিই উপভোগ করি এবং আমি যা অর্জন করেছি বা আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করা চালিয়ে যাওয়া। কারণ, সব মিলিয়ে এই ২৫ বছর খুবই কঠিন ছিল।’ ২০২৭ সালের জুনে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে। তখন তার বয়স বেড়ে হবে ৪২ বছর।

ক্রিস্তিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250