ছবি: ঠিকানা
১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) যেসব পর্যবেক্ষণ তুলে ধরেছে, সেগুলো দেখলেই বিষয়টি পরিষ্কার হওয়া যায় ভোট কেমন হয়েছে। এবারের নির্বাচনে যে কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না।
জিতলে স্বচ্ছ নির্বাচন, আর হেরে গেলে কারচুপির অভিযোগ- এই যে সংস্কৃতি চালু ছিল, সেটা দূর করার স্বার্থে এ নিয়ে জামায়াত খুব বেশি সোচ্চার হচ্ছে না। ঠিকানা টিভির বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ঢাকা–১৫ আসনের এই সংসদ সদস্য দাবি করেন, ‘আমার নির্বাচনী এলাকায় দেখেছি- আমার বিজয় ছিনিয়ে নেওয়ার জন্যও হামলা করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে হস্তক্ষেপ না করলে আমাকেও জোর করে হারিয়ে দেওয়া হতো।’
গত শুক্রবার (২০শে ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এই সাক্ষাৎকার নেওয়া হয়, যা নিউইয়র্ক সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে।
জাতীয় নির্বাচন ছাড়াও জুলাই সনদ, নারী নেতৃত্ব, নতুন সরকার- এসব বিষয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চলতি সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
নির্বাচনের দিন কয়েক আগে আল জাজিরার এক সাক্ষাৎকারে জামায়াতের আমির স্পষ্ট করেছেন দলটির নেতৃত্বে কখনো নারীদের সুযোগ দেওয়ার বিধান নেই। রাষ্ট্রের প্রধান হিসেবেও তারা কেবল পুরুষদের দেখতে চান। কিন্তু জামায়াত তো খালেদা জিয়ার নেতৃত্বে গড়া সরকারের অংশীজন ছিল-
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডা. শফিকুর রহমান ঠিকানা টিভিকে বলেন, ‘সেই জোট যখন হয় খালেদা জিয়া বিএনপির প্রধান ছিলেন। আমরা আন্দোলন একসাথে করেছি। জোটের চুক্তি অনুযায়ী সরকারে আমাদের দুজন মন্ত্রী হন। খালেদা জিয়া বিএনপির সিদ্ধান্তে প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেটা তাদের সিদ্ধান্ত ছিল। আমরা জোট সরকারে ছিলাম আন্দোলনের শরিক হিসেবে।’
তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার কেমন হয়েছে? এমন প্রশ্নে জামায়াতের আমির শফিকুর রহমানের ভাষ্য, ‘কথায় বলে, বৃক্ষ তোমার নাম কী- ফলে পরিচয়। আমরা এখন না, ফল দেখে মন্তব্য করব। তবে আমরা ভালো কিছু আশা করি। নতুন সরকার যদি ভালো কাজ করে, আমরা সহযোগিতা করব। কিন্তু সঠিক পথে না থাকলে আমরা বিরোধী দল হিসেবে তাদের চেপে ধরব, বিরোধিতা করব।’
খবরটি শেয়ার করুন