ছবি: ভিডিও থেকে নেওয়া
নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতের ওই ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা। যদিও পুলিশ বলছে, এমন কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার রাতের দিকে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে হঠাৎ করে ২০–২৫ জন তরুণ ও যুবক জড়ো হয়ে মিছিল করেন। প্রায় পাঁচ মিনিটের এই মিছিল শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
২ মিনিট ২২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে অংশগ্রহণকারীরা হাতে হারিকেন ও মুঠোফোনের আলো জ্বালিয়ে মিছিল করছেন। কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট, আবার কেউ মুখ কাপড়ে ঢেকে রেখেছেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান শোনা যায়। এর মধ্যে রয়েছে, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘তেল–গ্যাস–বিদ্যুৎ নাই, তারেক রহমান দরকার নাই’ ইত্যাদি। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে মিছিল শেষ হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কৃষক বলেন, “হঠাৎ করেই কয়েকজন এসে মিছিল শুরু করেন। তাদের হাতে ছোট হারিকেন আর মোবাইলের আলো ছিল। কিছুক্ষণ পর আবার দ্রুত চলে যায়।”
তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার আজ বুধবার সন্ধ্যায় মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, “এ ধরনের কোনো মিছিলের খবর আমরা পাইনি। ভিডিওটি অন্য কোথাও ধারণ করা পুরোনো কিছু হতে পারে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” তিনি জানান, সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিওটি প্রকাশের পর ফেসবুকে নেটিজেনদের মধ্যে দেখা গেছে ভিন্নধর্মী প্রতিক্রিয়া। ঢাকার বাসিন্দা রাফি ইসলাম নামে একজন লিখেছেন, “এটা যদি সত্যি হয়, তাহলে নিষেধাজ্ঞার পরও সংগঠনটি সক্রিয় থাকার ইঙ্গিত দেয়।” অন্যদিকে নেত্রকোনারই বাসিন্দা তানিয়া আক্তার মন্তব্য করেন, “ভিডিও দেখে মনে হচ্ছে সাজানো কিছু। জায়গাটা ঠিক নেত্রকোনা কিনা, সেটা নিশ্চিত হওয়া দরকার।”
আরেকজন ব্যবহারকারী, মাহমুদুল হাসান, লিখেছেন, “রাজনৈতিক উদ্দেশ্যে পুরোনো ভিডিও নতুন করে ছড়ানো হচ্ছে—এমন ঘটনাও আগেও হয়েছে।”
ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এটি ঘিরে স্থানীয় পর্যায়ে কৌতূহল ও আলোচনা বাড়ছে। পুলিশ তদন্তের ফলাফল না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
খবরটি শেয়ার করুন