রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোরে কড়াইল বস্তিতে আগুন, তরুণের মৃত্যু *** গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ *** গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী *** এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ *** ‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি *** এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা *** ডিসেম্বরে কাউকে ঠেকানোর দরকার পড়বে না: জামায়াত আমির *** তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি আবদুল এল-সায়েদের *** আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা *** ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা

টুঙ্গিপাড়ায় রাতে দফায় দফায় মিছিল, বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দফায় দফায় মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিএনপির সমর্থকদের কয়েকটি দোকানও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বর্নি ও কুশলী ইউনিয়নের বর্নি ও নিলফা বাজার এবং পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। একের পর এক মিছিল ও ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে বর্নি ইউনিয়নের মধ্যপাড়া বিশ্বাসবাড়ি থেকে একটি মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি বর্নি বাজারে পৌঁছালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের টাঙানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

পরে রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে বাজারের বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিএনপি-সমর্থিত কয়েকজনের দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এরপর রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বর্নি বাজারে এসে যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালান। কার্যালয়ের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা বলেন, নিলফা বাজারের বিএনপির কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতা-কর্মীদের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জেনেছেন। দলের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

গোপালগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250