সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি *** ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন *** ব্রিটিশ গণমাধ্যম মুসলিমদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে: গবেষণা

‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দলটির নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, আওয়ামী লীগ কখনো শেষ হয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল নয়। অতীতে বহুবার দলটিকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের সমর্থনে দলটি ফিরে এসেছে।

একটি ভার্চুয়াল আলোচনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। ওই আলোচনা অনুষ্ঠানের বক্তব্য ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠান আয়োজনের বিষয়টি সুখবর ডটকমকে নিশ্চিত করেছেন বর্তমানে বিদেশে অবস্থান করা জ্যেষ্ঠ সাংবাদিক শফিক বাবু। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খালিদ মাহমুদ চৌধুরীও বিদেশে আছেন।

খালিদ মাহমুদ চৌধুরী স্বীকার করেন, অতীতে আওয়ামী লীগের কিছু ভুল ছিল এবং সেই ভুলগুলো এখন দল উপলব্ধি করছে। ভবিষ্যতে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে দলকে গড়ে তোলার কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরীর মতে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও সংগ্রামের মাধ্যমে আবার রাজনীতিতে শক্তভাবে ফিরে আসবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, তার মতো দেশপ্রেমিক ও মানবিক নেতা খুব কমই আছেন।

আলোচনায় অংশ নেওয়া অন্য বক্তারাও বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগ নতুন শক্তি নিয়ে রাজনীতিতে ফিরে আসবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ কখনো নিঃশেষ হওয়ার মতো নয়, অতীতে বহুবার আওয়ামী লীগকে নিঃশেষ করার ষড়যন্ত্র হয়েছে কিন্তু বারবার জনগণকে সাথে নিয়ে ফিরে এসেছে দলটি।

তিনি গতকাল রোববার (৮ই মার্চ) 'স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ' টেলিগ্রাম গ্রুপে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে সাংবাদিক, কলামিস্ট দস্তগীর জাহাঙ্গীর এবং বিটিভির সাবেক উপ-মহাপরিচালক ও চলচ্চিত্র নির্মাতা বাহার উদ্দিন খেলন বক্তব্য রাখেন।

১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই নির্বাচন ছিল জাতির সঙ্গে এক ধরনের ছলনা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে আমাদের অনেক ভুল ছিল, এখন সেই ভুলগুলো প্রতি পদে পদে বুঝতে পারছি। সামনের দিনগুলোতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ ও জনবান্ধব আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

দলের কঠিন পরিস্থিতিতে আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সঠিক ব্যাখ্যা দিতে পারিনি উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ ছিল আওয়ামী লীগের রাজনৈতিক উইংস। শেখ হাসিনার নেতৃত্বের মতো দেশপ্রেম, মানবপ্রেম যার মধ্যে আছে, তার মতো নেতা পৃথিবীতে কয়জন আছেন, এমন প্রশ্ন করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে ভারত গেছেন, ভাগ্য সহায় থাকায় তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, লড়াই করে আমাদের রাজনীতিতে ফিরতে হবে।

আওয়ামী লীগের অতীত ও বর্তমান রাজনীতির বিভিন্ন কঠিন পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন 'দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের'- এই দুঃখকে আলিঙ্গন করেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন গড়বো।

বাহার উদ্দিন খেলন তার বক্তব্যে বলেন, আমাদের অনেক ভুল ছিল এটাই সত্যি। ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে বীরদর্পে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সাংবাদিক শফিক বাবুর সঞ্চালনায় ভার্চুয়ালি এই আলোচনায় আরও কথা বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক সোমা ইসলাম, সাজেদা পারভীন সাজু, আশরাফুল ইসলাম, আহমেদ রাসেল, খোন্দকার তারেক রায়হান, হাকিকুল ইসলাম খোকন, জুনায়েদ শাহরিয়ার, সাজ্জাদ হেসেন, এইচ এম দুলাল হোসেন, মাজেদুল ইসলাম, ফারুক হোসেন ও ওয়ারেশনবী খোন্দকার প্রমুখ।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম দেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গত বছরের মে মাসে এই সিদ্ধান্ত নেয় সদ্য সাবেক ইউনূস সরকার।

ওই সরসরকারের পক্ষে তখন বলা হয়, উপদেষ্টা পরিষদের এক সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250