শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

একটা গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ছবি: সংগৃহীত।

বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, একটা গোষ্ঠী, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে। কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না।

এই গোষ্ঠীর সব অপপ্রয়াসকে পরাজিত করে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রদল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আজ রোববার (৭ই ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক বিএনপি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি ছাত্রদলের উদ্দেশে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কমিটি, পদচারণ বা কাজ বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রদলের যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে। যে কারণে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোয় ছাত্রদল ভালো করতে পারেনি।

বাংলাদেশ একটি যুগসন্ধিক্ষণ বা পরিবর্তনের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আজ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চলছে। সবচেয়ে বড় যে অপপ্রচার চলছে, তার বিরুদ্ধে কাজ করতে হবে।

সাইবার যুদ্ধে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে বিজয়ী হতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সাইবার যুদ্ধে যোদ্ধা হতে না পারলে পরাজিত হতে হবে। তরুণ প্রজন্মকে এটি ভেবে দেখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় আছেন আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250