বাংলাদেশ ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যমুনা ব্যাংক পিএলসি’র সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা হারে অর্থায়নের সুযোগ পাবেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তিগুলো হলো— ‘ফিন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস’ এবং ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নর নুরুন নাহার, ক্ষুদ্র ও বিশেষ কর্মসূচি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফাসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যমুনা ব্যাংক পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা নূর মোহাম্মদ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের প্রধান এন এইচ এম নুসরাত।
ব্যাংকটির কর্মকর্তারা জানান, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের স্বল্পমূল্যের পুনঃঅর্থায়ন সুবিধা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে সিএমএসএমই খাতের উন্নয়ন ও সম্প্রসারণ ত্বরান্বিত হবে।
খবরটি শেয়ার করুন