শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ দলকে মুশফিকের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

#

ছবি: ক্রিকইনফো

ওয়ানডে, টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছেন মুশফিকুর রহিম। বাকি ছিল শুধু টেস্ট। এবার ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল নিশ্চিত করেছেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজই মুশফিকের বাংলাদেশের জার্সিতে শেষ বলে জানিয়েছেন তামিম। বিসিবি সভাপতি আজ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর মুশফিকুর রহিম অবসর নিতে যাচ্ছে। মুশফিক বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে আমাকে জানায়। তারপরে আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছিলাম।’

বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। ১০৮ টেস্ট খেলে করেন ৭০৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউ সাত হাজার রান করতে পারেননি। সাবেক সতীর্থ যেন সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন, তামিমের চাওয়া ছিল সেটাই।

বিসিবি সভাপতি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এক সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা করতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দিতে অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশ ক্রিকেটের অসামান্য সেবক এবং আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক।’

শুধু সাবেক সতীর্থই নন, তামিমের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুও মুশফিক। বিসিবি সভাপতি হিসেবে তামিম তার বন্ধুর জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। আজ সংবাদ সম্মেলন শেষে তামিম বলেন, ‘বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় এক উদযাপনের আয়োজন করবে। এ ছাড়া সময়ের সঙ্গে আরও কিছু বিষয় থাকবে। আপনারা এটা দেখতে পারবেন। জানতে পারবেন। মানে আমার খারাপ লাগছে। দুঃখ লাগছে যে তার মতো এমন মানের ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার দৃষ্টিকোণ থেকে আসুন এই টেস্ট ম্যাচকে বিশেষ এক আয়োজনে পরিণত করি।’

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ভালোবাসা দিবসের দিন শুরু হতে যাওয়া ম্যাচটিকে নিশ্চয়ই রাঙাতে চাইবেন। পরবর্তী টেস্ট হবে সিলেটে ২২ ফেব্রুয়ারি। দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

মুশফিকুর রহিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250