ছবি: ফেসবুক থেকে নেওয়া
পরিবারের আবেদনের পর বিশেষ ব্যবস্থায় সন্তান নিসর্গ হোসেন তুর্যের মরদেহ দেখার সুযোগ পেলেন কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মী। যুব মহিলা লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক শর্মী গত অক্টোবর থেকে কারাবন্দি।
আজ শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে তুর্যের মরদেহ নেওয়া হয় বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) নজরুল ইসলাম।
কারাগার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হন শর্মী।
তার পরিবারের সদস্যরা জানান, শর্মীর দুই সন্তানের মধ্যে বড় তুর্য। জন্মের পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিল ছেলেটি। এ পর্যন্ত তার বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে, নিয়মিত চিকিৎসা ও সার্বক্ষণিক যত্নের প্রয়োজন হতো।
গতকাল শুক্রবার রাতে তুর্য মারা যায় বলে পরিবার সূত্রে জানা গেছে। তুর্যের মরদেহ কারাগারে নিয়ে যান তার খালা শাম্মী ও নানি কোহিনূর বেগম।
কারাফটকে দেখা হয় শাম্মীর সঙ্গে। তিনি বলেন, 'আমার বোন তার অসুস্থ সন্তানকে কখনো পাঁচ মিনিটের জন্যও দূরে রাখেননি। সেই মাকে আজ কারাগারে একা থাকতে হচ্ছে। মৃত্যুর আগে তুর্য মায়ের কাছে যেতে চেয়েছিল।'
'ছেলেটির ২৪ ঘণ্টাই চিকিৎসা ও পরিচর্যার প্রয়োজন হতো। সন্তানের অসুস্থতার কারণে আমার বোন রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার আরও একটি ছোট সন্তান রয়েছে। অথচ, তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমি এই সরকারের কাছে আবেদন জানাই, আমার বোনকে মুক্তি দিন,' বলেন তিনি।
কোহিনূর বেগম বলেন, ‘আমার মেয়েকে রাতে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার বড় ছেলের মস্তিষ্কে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে। সেদিন মায়ের জন্য কান্নাকাটি করছিল। এখন তো মারাই গেল। ছোট ছেলেটি মায়ের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ছে।'
পরিবারের সদস্যরা জানান, তুর্যের মরদেহ শর্মীকে দেখাতে পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। আবেদন মঞ্জুর হলে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তুর্যের মরদেহ কারাফটকে নেওয়া হয়।
নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা মেনে সেখানে মাকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং শর্মীকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধী শিশুটির মৃত্যুর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ডিআইজির নির্দেশনা ও অনুমোদন নিয়ে দাফনের আগে বন্দিকে সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়েছে।'
খবরটি শেয়ার করুন