মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) সংক্রান্ত কমপ্লায়েন্স কার্যক্রম আরও শক্তিশালী করতে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্প্রতি রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় প্রাইম টাওয়ারে অবস্থিত ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশন’-এ অনুষ্ঠিত “আঞ্চলিক এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স প্রশিক্ষণ”-এ ঢাকা ইস্ট রিজিওনের ১৫৩ জন শাখা কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো (CAMLCO) মো. জিয়াউর রহমান। তিনি তার বক্তব্যে আর্থিক অপরাধ প্রতিরোধে এবং জাতীয় অর্থনীতির সুরক্ষায় শাখা কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উচ্চপদস্থ কর্মকর্তারা বিশেষ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীন এবং সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মামুর আহমেদ, রিজিওনাল হেড মো. এনামুল কবিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের বিরুদ্ধে প্রাইম ব্যাংকের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স মানদণ্ড অনুসরণে ব্যাংকের চলমান কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
খবরটি শেয়ার করুন