রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী

বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

#

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের আগ্রহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার ২০ মিনিটের এই বৈঠক হয় বলে জানিয়েছে বিএনপি। বিষয়টিকে ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

আজ সোমবার দুপুরে সংসদে দুই নেতার এ সাক্ষাৎ হয়। পরে বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বাক্ষাতের ছবিসহ ‘প্রধানমন্ত্রীর সৌজন্যতা, বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়েছে। ছবিতে দুই নেতার সঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখা যায়।

পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার দুপুরে তার সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন।

বিএনপির মিডিয়া সেলের পেজে প্রকাশিত ওই পোস্টে বলা হয়, আজ দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজার নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। গত শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান দিলারা হাফিজ। তিনি একসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, দিলারা হাফিজের জানাজা শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।

দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন।

আতিকুর রহমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তার স্বাভাবিক সৌজন্যের বহিঃপ্রকাশ ঘটালেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250