ছবি: ভিডিও থেকে নেওয়া
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তার মোহাম্মদপুরের বাসার সামনে মানববন্ধন করেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী।
এর মধ্যে আন্দোলনকারীদের একজনকে ইট দিয়ে মারার চেষ্টার অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনী নন্দীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সম্প্রতি এক টিভি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান। তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে মোহাম্মদপুরে তার বাসার সামনে প্রতিবাদ জানাতে যান বিএনপির নেতাকর্মীরা।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন সুখবর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীরা রাশেদ প্রধানের বাসার সামনে মানববন্ধন করেন। সেসময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী ইট নিয়ে তাদের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ তাকে হেফাজতে নেয়।”
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, কাউকে গ্রেপ্তার করা হইনি। তবে জনী নন্দী হঠাৎ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে, তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, একটি ইট নিয়ে জনী নন্দী দৌড়ে এসে একজনের মুখে মারার চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ জনী নন্দীকে শার্টের কলার ধরে নিয়ে যায়।
সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। রাশেদ প্রধান তার বক্তব্যে তারেক রহমানকে কটূক্তি করেছেন বলে অভিযোগ রয়েছে।
খবরটি শেয়ার করুন