সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি

সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের দল ইয়াশার ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে চার ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতা হয়নি। গতকাল রোববার হার্জেলিয়ার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে বিচারব্যবস্থা সংস্কার, অতি-গোঁড়া ইহুদিদের (হারেদি) সামরিক বাহিনীতে নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার তদন্তে কমিশন গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও উল্লেখযোগ্য অগ্রগতি আসেনি।

বৈঠক শেষে দুই দল এক যৌথ বিবৃতিতে জানায়, তারা ‘মৌলিক বিষয়গুলো’ নিয়ে আলোচনা করেছে এবং পরবর্তী সময়ে আবারও বৈঠকে বসবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ জানানো হয়নি। আলোচনায় লিকুদের পক্ষে ছিলেন দলটির সংসদীয় নেতা ওফির কাৎজ এবং নেতানিয়াহুর আইনজীবী মাইকেল রাবেলো। ইয়াশারের পক্ষে ছিলেন এমকে চিলি ট্রপার, গাই গুটম্যান ও ইয়োভ হোরোভিৎস।

সম্ভাব্য ঐক্য সরকারে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে মেয়াদ ভাগাভাগির ব্যবস্থা থাকবে কি না, তা নিয়ে রোববারের বৈঠকে আলোচনা হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেট জানিয়েছে, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের অতি ডানপন্থি দল ইৎজমা ইয়েহুদিতকে সরকারে রাখা নিয়েও মতবিরোধ রয়েছে। ইয়াশার দলটি তাদের অন্তর্ভুক্তির বিরোধী হলেও লিকুদ এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়নি।

এদিকে হারেদিদের সামরিক বাহিনীতে নিয়োগ নিয়ে ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) সঙ্গে আলোচনায় গত ২৪ ঘণ্টায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২। দলটির উপদল দেগেল হা তোরাহর সূত্রগুলো জানিয়েছে, আইজেনকটের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও সমঝোতা এখনো অনেক দূরে। তার আগের প্রস্তাবে ইয়েশিভার মাত্র ৩ শতাংশ শিক্ষার্থীকে সামরিক সেবা থেকে অব্যাহতির কথা বলা হয়েছিল। দেগেল হা তোরাহর ধর্মীয় নেতারা সেটি প্রত্যাখ্যান করায় নতুন প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আইজেনকট। অন্যদিকে ইউটিজে নতুন সরকার শপথ নেওয়ার আগেই এ বিষয়ে আইন পাস চায়।

তবে হারেদিদের সামরিক সেবা থেকে অব্যাহতি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকটের জোটের চার দলের জন্য এমন আইন পাস করা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।

সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নিয়ে বিরোধও স্পষ্ট হয়েছে। ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান হারেদি দলগুলোর সঙ্গে ‘যন্ত্রণাদায়ক সমঝোতার’ মাধ্যমে আরব দলগুলোর সমর্থন ছাড়াই সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। বিপরীতে ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনই ‘একমাত্র বাস্তবসম্মত বিকল্প’। নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের বিরোধিতা করে তিনি বলেন, এতে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

আইজেনকটও ইঙ্গিত দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ নিতে পারেন। তবে বেনেট ও লিবারম্যান এমন সরকারের বিরোধী।

গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তাঁর চার দলের জোট নেসেটের ১২০ আসনের মধ্যে ৪৮টি এবং দুটি আরব দল ১৯টি আসন পেয়েছে। সরকার গঠনে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন আইজেনকট। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যাবে। ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পেতে পারেন। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে, যার মধ্যে হারেদি দল শাস ও ইউটিজের আসন ১৩টি।

বেনিয়ামিন নেতানিয়াহু গাদি আইজেনকট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250