বাংলাদেশি বহুজাতিক ব্র্যান্ড ওয়ালটনের টেলিভিশনের শক্তিশালী রপ্তানি বাজারে পরিণত হয়েছে পূর্ব-তিমুর। স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের পণ্য দিয়ে ক্রেতাদের আস্থা অর্জনের ধারাবাহিকতায় দেশটিতে যাচ্ছে ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট।
গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরে ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট উদ্বোধন করা হয়। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে দেশটির উদ্দেশ্যে ছেড়ে গেছে ওয়ালটনের টিভি পণ্যবাহী কন্টেইনার জাহাজ।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক পণ্য রপ্তানি হচ্ছে। পূর্ব-তিমুরে টিভি রপ্তানি বাংলাদেশের তৈরি অন্যান্য পণ্যের বাজার সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়ালটন টিভির প্রধান ব্যবসা কর্মকর্তা সৌরভ আক্তার বলেন, টিভি উৎপাদনে কঠোরভাবে গুণগত মান নিয়ন্ত্রণ করছে ওয়ালটন। পূর্ব-তিমুরে টিভি রপ্তানির মাধ্যমে এশিয়ার অন্যান্য দেশেও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। ইউরোপীয় নকশা ও মান বজায় রেখে অত্যাধুনিক প্রযুক্তির টিভি উৎপাদন করায় অল্প সময়েই আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ওয়ালটন।
তিনি আরও বলেন, উন্নত ছবি মান, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী দাম এবং আধুনিক নকশার কারণে বিশ্ববাজারে ওয়ালটন টিভির প্রতি ক্রেতাদের আস্থা দ্রুত বাড়ছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে ওয়ালটন টেলিভিশনের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপ। জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, ইতালি, রোমানিয়া, ডেনমার্ক ও নেদারল্যান্ডসহ ইউরোপের এক ডজনের বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি। এছাড়া পূর্ব-তিমুরের পাশাপাশি শ্রীলঙ্কা, সোমালিয়া, ভুটান ও লিবিয়াতেও রপ্তানি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের টেলিভিশন।
খবরটি শেয়ার করুন