পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন পেয়েছে। এর ফলে দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।
বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা একীভূতকরণ প্রস্তাব অনুমোদন করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই একীভূতকরণের মাধ্যমে ওয়ালটন হাই-টেকের পণ্যসারি আরও শক্তিশালী হবে। পাশাপাশি বাজার সম্প্রসারণ, কার্যক্ষমতা বৃদ্ধি এবং পরিচালন ব্যয় হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে। এর সুফল কোম্পানির শেয়ারহোল্ডাররাও পাবেন বলে আশা করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম। ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, উদ্যোক্তা পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভী, তাহমিনা আফরোজ, রাইসা সিগমা হিমা এবং সাবিহা জারিন অরনা। এছাড়া স্বতন্ত্র পরিচালক ড. সাদিকুল ইসলাম ও জোহরা বিবিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাতিষ্ঠানিক ও সাধারণ শেয়ারহোল্ডাররা সভায় অংশগ্রহণ করেন।
সভা সঞ্চালনা করেন ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।
সংশ্লিষ্টরা মনে করছেন, একীভূতকরণ কার্যকর হলে ওয়ালটন হাই-টেকের ব্যবসা সম্প্রসারণে নতুন মাত্রা যুক্ত হবে এবং প্রযুক্তিপণ্য খাতে প্রতিষ্ঠানটির প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।
খবরটি শেয়ার করুন